লবণাক্ত জমিতে সাড়ে ৬ লাখ মেট্রিক টন ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে লবণাক্ত জমিতে চাষ করে ৬ দশমিক ৪৯ লাখ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। ২০১৫-১৬ অর্থবছরে মোট ২ লাখ ৩১ হাজার ২১৬ হেক্টর জমিতে চাষ করে এই ফলন পাওয়া গেছে।
কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, লবণাক্ত ১ লাখ ৯৭ হাজার ৫১৮ হেক্টর জমিতে ধান, ৮ হাজার ৬১৫ হেক্টরে গম, ৮ হাজার ৬১৫ হেক্টরে সয়াবিন, ১ হাজার ৬৭৫ হেক্টরে মুগ, ১২ হাজার ৬৫৯ হেক্টরে তিল এবং ২ হাজার ৫৪২ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়। এর মধ্যে ব্রি ও বিনা জাতের ধান উৎপাদিত হয়েছে ৫ দশমিক ৯০ লাখ মেট্রিক টন। কার্যপত্র থেকে আরও জানা যায়, বরিশাল অঞ্চলের ১ লাখ ৪ হাজার ২৩১ হেক্টর লবণাক্ত জমিতে চাষ করে ৩ দশমিক শূন্য ৮ লাখ মেট্রিক টন, চট্টগ্রামের ১ লাখ ২ হাজার হেক্টর জমিতে ২ দশমিক ৮২ লাখ মেট্রিক টন এবং খুলনার ২৪ হাজার ৯৮৫ হেক্টর জমিতে শূন্য দশমিক ৫৭ লাখ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।
বৈঠকে কৃষিবিজ্ঞানীদের চাকরির বয়সসীমা বাড়ানোর ব্যবস্থা গ্রহণ না করায় মন্ত্রণালয়ের ওপর অসন্তোষ প্রকাশ করে কমিটি। এ বিষয়ে কমিটির সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, দেশের কৃষির উন্নয়নে কৃষিবিজ্ঞানীদের অবদান অনন্য। যে কারণে এই সরকারের আগের মেয়াদে প্রধানমন্ত্রী কৃষিবিজ্ঞানীদের চাকরির বয়সসীমা বাড়ানোর কথা বলেছিলেন।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, মামুনুর রশীদ, এ কে এম রেজাউল করিম তানসেন, নুরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম অংশ নেন।