লবণাক্ত বিলে প্রথম বোরো চাষ, কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলের প্রায় পুরোটাই অনাবাদি। শুধু মাঝখানের প্রায় ৫০ বিঘা জমিতে ছড়িয়ে আছে সোনালি আভা। বাতাসে দোল খাচ্ছে পাকা ধানের শিষ। কৃষকের বিস্ময় আর আগামীর স্বপ্নও যেন দোল খাচ্ছে ধানের শিষের সঙ্গে।
বিলটির নাম পূর্ব মহারাজপুর বিল। এর অবস্থান খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে। বিলটিতে আবাদি জমির পরিমাণ দুই হাজার বিঘার বেশি। পাশেই পশ্চিম মহারাজপুর বিল। সেখানে জমির পরিমাণ ছয় হাজার বিঘার মতো। লবণাক্ততাপ্রবণ ওই বিলসহ আশপাশের বিলে মাত্র একটি ফসল হয়। আর সেটি হলো বর্ষা মৌসুমে আমন ধান। জুনের শেষ সপ্তাহ থেকে শুরু আমন আবাদ। অক্টোবরে ধান ঘরে ওঠে। এরপর পুরো বছরই পড়ে থাকে জমি।
এবারই প্রথম পূর্ব মহারাজপুর বিলে বোরো ধানের চাষ করেছেন কৃষকেরা। পরীক্ষামূলকভাবে ৩৭ জন কৃষক প্রায় ৫০ বিঘা জমিতে ব্রি-৬৭ নামের উচ্চ লবণসহনীয় ধানের চাষ করেছেন। বীজ থেকে শুরু করে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়।
গত বুধবার ওই বিলে গিয়ে দেখা যায়, জমিতে পড়ে আছে কেটে নেওয়া আমন ধানের গোড়া, মাটিও শুষ্ক। বিলের মাঝ বরাবর বয়ে গেছে একটি খাল। খালটি পার হলেই চোখে পড়ে ধানের খেত। পাক ধরেছে ধানে।
ওই বিলে রয়েছে মো. মাহমুদুর রহমানের ৫ বিঘা জমি। সেখানে আমন ধানের বাইরে কখনো কোনো ফসলের চাষ হতে দেখেননি তিনি। লবণাক্ততা ও পানির সমস্যার কারণে নিজেও কখনো চেষ্টা করেননি অন্য ফসলের চাষ করতে। কিন্তু এবার বোরো মৌসুমে প্রথমবারের মতো ব্রি-৬৭ জাতের ধান চাষ করেন ওই জমিতে। তাঁকে বিনা মূল্যে দেওয়া হয় বীজ, সেই সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ। প্রথম দিকে অনিশ্চয়তা থাকলেও দুই মাস পর মুখে হাসি ফুটতে শুরু করে তাঁর।
এই বিলে আবদুল গফ্ফার নামের আরেক কৃষকের জমি আছে ৩০ বিঘা। এবার তিন বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন তিনি। ধানের ফলন ভালো হওয়ায় ভবিষ্যতে পুরো জমিতেই বোরোর চাষ করবেন বলে জানান।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) খুলনা কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশীদের গ্রামের বাড়ি মহারাজপুর ইউনিয়নে। তিনিই কৃষকদের ওই বিলে ধান লাগাতে উৎসাহিত করেন। নিজ খরচে সেখানে একটি শ্যালো মেশিন (সেচযন্ত্র) স্থাপন করে দিয়েছেন তিনি। মো. হারুনর রশীদ বলেন, ‘ওই এলাকায় একটির বেশি ফসল হয় না। তাই ব্রি-৬৭ জাতের ধান লাগাতে কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করেছি।’
বিআরআরআই সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘হারুনর রশীদের পরামর্শে ওই এলাকার কৃষকদের বোরো চাষে উদ্বুদ্ধ করতে ব্রি-৬৭ জাতের ধানের বীজ বিনা মূল্যে দেওয়া হয়। পাশাপাশি চাষের জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।’
ব্রি-৬৭ জাতের ধান উদ্ভাবন করেছেন বিআরআরআইয়ের গাজীপুরের প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তমাল লতা আদিত্য। জাতটি সম্পর্কে তিনি বলেন, ব্রি-৬৭ জাতের ধান ব্রি-২৮ জাতের ধানের মতোই। তবে এটি অপেক্ষাকৃত অধিক লবণসহিষ্ণু। এর লবণসহিষ্ণুতার মাত্রা চারা অবস্থায় ১২ থেকে ১৪ ডেসি সিমেন পর্যন্ত। ২০০০ সালে জাতটি নিয়ে গবেষণা শুরু হয়। ১৪ বছর ধরে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তা বাজারে ছাড়া হয়। বিঘাপ্রতি ফলন ২২ থেকে ২৫ মণ।
স্বপ্ন ভঙ্গের আশঙ্কা খালে
মহারাজপুর বিলে কৃষকেরা সামনে ধান চাষের যে স্বপ্ন দেখছেন, তাতে কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিলের মধ্য দিয়ে বয়ে যাওয়া অর্জুন খালটি। উপজেলা থেকে প্রতিবছর মাছ চাষের জন্য সেটি ইজারা দেওয়া হয়। ফলে কৃষকেরা সেখান থেকে পানি নিতে পারেন না। আবার মাছ চাষের জন্য ওই খালে তোলা হয় নোনা পানি। সেটিও বিলের ফসলের ক্ষতি করে বলে জানান কৃষকেরা। তাই বিলে ধানসহ অন্যান্য ফসল চাষের স্বার্থে খালটি যেন আর ইজারা না দেওয়া হয়, সরকারের কাছে সেটাই দাবি এলাকাবাসীর।
এ ব্যাপারে জানতে চাইলে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদিউজ্জামান বলেন, খালটি ইজারা দেওয়া রয়েছে। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ইজারা বাতিল করতে পারে না। তবে এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে খালটি উন্মুক্ত রাখার জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হবে।