লবণাক্ত মাটিতে ফলবে ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাত্রার লবণাক্ত জমি ফসল ফলানোর উপযোগী করার কৌশল খুঁজে পেয়েছেন খুলনার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এর ফলে দেশের ক্রমবর্ধমান বিপুল লবণাক্ত পতিত জমি চাষের আওতায় আনা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। ইতিমধ্যে তাঁরা নিজস্ব পরীক্ষা-মাঠে নানা জাতের সবজি চাষ করে সফল হয়েছেন।ইনস্টিটিউটের লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণাকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে দেশের ১৮টি জেলার ৯৩টি উপজেলার প্রায় ১০ লাখ ৫৬ হাজার হেক্টর আবাদি জমি লবণাক্ততায় আক্রান্ত। এ কারণে এসব জমিতে বর্ষা মৌসুমের ফসল ছাড়া অন্য কোনো ফসল হয় না।গত শনিবার ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, তিল, মুগ, পুঁইশাক, ঢ্যাঁড়স, মিষ্টিকুমড়া ও করলা চাষ করা হয়েছে। তিলগাছে ফুল ধরেছে। ঢ্যাঁড়সগাছে ঢ্যাঁড়স আর ফুলে ভরে গেছে। বেশ কিছু করলা ও মিষ্টিকুমড়া গাছে ফুল ধরেছে। পুঁইশাক গাছ বেশ বড় হয়েছে।কেন্দ্রের বিজ্ঞানী জি এম মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশের ১৮টি জেলার জমিতে লবণাক্ততার পরিমাণ দ্রুত বাড়ছে। ১৯৭৩ সালে ১৮টি জেলার ৯৩টি উপজেলায় লবণাক্ততায় আক্রান্ত জমির পরিমাণ ছিল প্রায় আট লাখ ৩৩ হাজার হেক্টর। বর্তমানে তা ১০ লাখ ৫৬ হাজার হেক্টরে পৌঁছেছে। এসব জমিতে ফসল হচ্ছে না। তিনি বলেন, ‘ওই ১৮টি জেলার জমিতে লবণের পরিমাণ ১৫-২০ ডিএস মিলিগ্রাম। কিন্তু গবেষণাকেন্দ্রের জমিতে এই মাত্রা ৮-৯ ডিএস মিলিগ্রামের মধ্যে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব হয়েছে শুধু মাটি ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করে।’কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিধান কুমার ভান্ডার বলেন, ১৪ শতাংশ জমি থেকে সপ্তাহে দেড় থেকে দুই মণ ঢ্যাঁড়স ও ৮ শতাংশ জমি থেকে এক-দেড় মণ পুঁইশাক পাওয়া যাচ্ছে।