লবণাক্ততা ঠেকাতে গিয়ে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলাকায় লবণাক্ততা ঠেকাতে বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার মাছমারা খালের বাঁধ কেটে দিয়েছিল প্রশাসন। বাঁধের কাটা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পৌরসভার দুটি মহল্লা প্লাবিত হয়েছে। ছবিটি গত বুধবার মাকঢ়ঢোন এলাকা থেকে তোলা ষ প্রথম আলো
এলাকায় লবণাক্ততা ঠেকাতে বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার মাছমারা খালের বাঁধ কেটে দিয়েছিল প্রশাসন। বাঁধের কাটা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পৌরসভার দুটি মহল্লা প্লাবিত হয়েছে। ছবিটি গত বুধবার মাকঢ়ঢোন এলাকা থেকে তোলা ষ প্রথম আলো

লবণাক্ততা ঠেকানোর জন্য বছর দেড়েক আগে বাগেরহাটের মংলা বন্দর পৌরসভার মাছমারা খালের বাঁধ কেটে দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু খালে জলকপাট (স্লুইসগেট) না থাকায় জোয়ারের পানি ঢুকে পৌরসভার মাকঢ়ঢোন ও নারকেলতলা মহল্লার দুই সহস্রাধিক মানুষ জলাবদ্ধ হয়ে পড়ছে। এলাকাবাসী বলছে, প্রশাসন জোয়ারের পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা না করে বাঁধ কেটে দেওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। তাঁরা পৌর মেয়র এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি কয়েক দফা জানিয়েও প্রতিকার পাননি। মাকঢ়ঢোন মহল্লার গৃহিণী মীরা মণ্ডল বলেন, ‘গত বছর খালের বাঁধ অপসারণের পর প্রতি অমাবস্যা আর পূর্ণিমার সময় জোয়ারে এলাকা পানিতে তলিয়ে যায়। লবণাক্ততা ঠেকাতে প্রশাসন খালের বাঁধ অপসারণ করেছে। কিন্তু কোনো খালের মুখে জলকপাট নির্মাণ করেনি। এ কারণে মাসের ১৫ দিনই আমাদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।’
নারকেলতলার ক্ষুদ্র ব্যবসায়ী হানিফ মোল্লা বলেন, ‘জোয়ারের পানি ঢুকে আমাদের পুকুরের মাছ ভেসে গেছে। লবণাক্ততা ঠেকাতে উপজেলা প্রশাসন খাল কেটে দিয়েছে। কিন্তু এখন লবণপানি এসে আমাদের বাড়ির আঙিনাসহ আশপাশে আটকে থাকায় আমাদের সব রকমের গাছ-গাছালি মারা যাচ্ছে।’
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, উপজেলার প্রায় ২০টি সরকারি খালে বাঁধ দিয়ে লবণপানি আটকে বেশ কয়েকজন প্রভাবশালী চিংড়িচাষি সারা বছর চিংড়ি চাষ করতেন। মাছমারা খালেও সাবেক এক পৌর মেয়র বাঁধ দিয়ে চিংড়ি চাষ করে আসছিলেন। এলাকায় লবণাক্ততার প্রভাব কাটাতে গত বছরের ফেব্রুয়ারিতে মাছমারা খালসহ বেশ কয়েকটি খালের বাঁধ কেটে দেয় প্রশাসন। এলাকার বেশ কয়েকজন জানান, খালে যখন চিংড়ি চাষ হতো, তখন চিংড়িচাষিরা লবণাতক্ত পানির ওঠা-নামা নিয়ন্ত্রণের জন্য জলকপাট ব্যবহার করতেন। কিন্তু প্রশাসন পানি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না রেখে বাঁধ কেটে দেওয়ার পর থেকে প্রায়ই এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আর সাম্প্রতিক সময়ে উপকূলীয় এলাকায় অস্বাভাবিক জোয়ারের কারণে এই জলাবদ্ধতা প্রকট হয়েছে।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পৌরসভার মাকঢ়ঢোন ও নারকেলতলা মহল্লার বেশির ভাগ বাড়িতেই হাঁটুসমান পানি। গবাদিপশু রাখার স্থানগুলোও পানিতে সয়লাব।  গৃহবধূ সরমা রায় বলেন, তিন দিন ধরে বাড়ি, উঠান, রান্নাঘর—সব জায়গায় হাঁটুসমান পানি। বাড়িতে চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না।

মাকঢ়ঢোন গ্রামের প্রকাশ মণ্ডল জানান, জলাবদ্ধতার কারণে তাঁর খামারের পাঁচ শতাধিক মুরগি মারা গেছে। আশপাশের আরও দুটি খামারের মুরগিও মারা গেছে। এই মহল্লার বাসিন্দা প্রবীর ঘটক বলেন, ‘আমরা এই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত সপ্তাহে গ্রামবাসীর উদ্যোগে একটি ছোট বেড়িবাঁধ নির্মাণ করেছিলাম। কিন্তু সেটি উপচেও পানি ঢুকছে।’ পৌর মেয়র জুলফিকার আলী বলেন, ‘ওই খালে একটি জলকপাট নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে এলাকাবাসী দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে আশা করছি।’