এক গবেষণায় দেখা গেছে, লবণাক্ত পানির কারণে দেশের দক্ষিণাঞ্চলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ অঞ্চলের গর্ভবতী নারীদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। অনেক দিন লবণাক্ত পানি পান করার কারণে ওই এলাকার মানুষের উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ যৌথভাবে এ গবেষণা করেছে। গতকাল সোমবার আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
ইম্পেরিয়াল কলেজের সাবসার্ফেস হাইড্রোলজির রিডার অ্যাড্রিয়ান বাটলার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিদিন সর্বোচ্চ ৫ গ্রাম লবণ খাওয়ার পরামর্শ দেয়। কিন্তু উপকূলের মানুষ কিছু ক্ষেত্রে এর ২০০ গুণ বেশি লবণ খায়। বেশি লবণ খাওয়ার সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে, যা হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। যদি উপকূলের মানুষ কম লবণাক্ত পানি (যেমন বৃষ্টির পানি) পান করে, তাহলে তাদের রক্তচাপ কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, ইম্পেরিয়াল কলেজ ২০০৬ সালে প্রথম উপকূল অঞ্চলে প্রি-এক্লাম্পসিয়ার (গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপজনিত একটি রোগ) দ্রুত বৃদ্ধি সম্পর্কে জানতে পারে। অনুমান করা হয়, এ অঞ্চলে খাবার পানিতে অতিরিক্ত লবণাক্ততা গর্ভবতী মায়েদের উচ্চ রক্তচাপ বৃদ্ধির মূল কারণ। উচ্চ রক্তচাপ ও প্রি-এক্লাম্পসিয়ার মধ্যে সম্পর্ক আছে। ২০১১ সালে আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল কলেজ খুলনা জেলার দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলায় গবেষণা প্রকল্প শুরু করে। ১৮ মাস পর্যন্ত খাবার পানির লবণাক্ততা ও প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষের রক্তচাপ পরিমাপ করা হয়।
গবেষক দলের অন্যতম সদস্য আনিরে খান বলেন, দাকোপ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবা নিতে আসা ১ হাজার ২০৮ জন গর্ভবতী মায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছেন তাঁরা। তাতে দেখা গেছে, শুধু নলকূপের পানি পান করা মায়েদের উচ্চ রক্তচাপ বেশি। বৃষ্টি, ফিল্টার, পুকুর ও নলকূপের পানির মধ্যে বেশিমাত্রায় লবণ নলকূপের পানিতে।
আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী পিটার কিম স্ট্রেটফিল্ড বলেন, সরকারের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সমীক্ষায় দেখা গেছে, লোনা পানিতে প্রভাবিত এলাকা বাড়ছে। তিনি বলেন, স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ণয়ে সুনির্দিষ্ট তথ্যের ঘাটতি আছে। এ ধরনের গবেষণা সেই ঘাটতি পূরণ করবে।
গবেষকেরা বলেন, বৃষ্টির পানি নিরাপদ। কিন্তু বৃষ্টির পানি ধরে রেখে তা ব্যবহার করার যে খরচ, তা অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়। তাঁরা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জলবায়ুর পরিবর্তনজনিত খাবার পানির লবণাক্ততা বৃদ্ধি ও এ-সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা আরও বাড়বে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক আব্বাস ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক কাজী মতিন আহমেদ, আইসিডিডিআরবির অসংক্রামক রোগ বিভাগের প্রধান আলিয়া নাহিদ প্রমুখ বক্তব্য দেন।