লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরের সাত বছর পূর্ণ হচ্ছে আজ ১৫ নভেম্বর। এত দিনেও বরগুনাসহ দক্ষিণের ছয় জেলার ক্ষতিগ্রস্ত বাঁধের বেশির ভাগ মেরামত হয়নি। এদিকে আশঙ্কাজনক হারে জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষিতে মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, তাদের ২০০৯ সালের জরিপে দেখা গেছে, দক্ষিণের ছয় জেলায় চার লাখ আট হাজার হেক্টর জমি লবণাক্ত। ২০১৩ সালের সর্বশেষ জরিপ হলেও এখনো এর ফলাফল প্রকাশ হয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, লবণাক্ততা জমির পরিমাণ আগের চেয়ে ১৫ থেকে ২০ শতাংশ বাড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের সিডরে দক্ষিণের ছয় জেলার প্রায় ১৮০ কিলোমিটার সম্পূর্ণ এবং এক হাজার ৪০০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতি হয়। আইলায় ছয় জেলার ৫২৭টি বাঁধের ৬৮ দশমিক ৮ কিলোমিটার সম্পূর্ণ এবং ৫ দশমিক ১৯ কিলোমিটার আংশিক ক্ষতি হয়। এর মধ্যে বরগুনায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। সিডর, আইলা ও মহাসেনে জেলার ৭৬৮ কিলোমিটার বাঁধের মধ্যে ৪৫০ কিলোমিটার ক্ষতি এবং ৫৪ কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়। বাঁধগুলোর নাজুক অবস্থার কথা স্বীকার করে পাউবোর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলে এসব বাঁধ মেরামত করা যাচ্ছে না।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা লিয়াকত আলী জানান, পানিতে লবণাক্ততার সহনীয় মাত্রা শূন্য দশমিক ৭৫ ডিএস/এম। শুষ্ক মৌসুমে দক্ষিণাঞ্চলের নদীগুলোর ৩৫ শতাংশে তা ২ মাত্রার কম, ৬ শতাংশ নদীর পানিতে ২ থেকে ৫ মাত্রার মধ্যে এবং ৫৯ শতাংশ নদীর পানিতে ৫ মাত্রার বেশি লবণ থাকে।