লবণাক্ততার কারণে পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন ধরে পানি পাচ্ছেন না চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা চিকিৎসক মো. জসিম উদ্দীন। বাধ্য হয়ে সমস্যার সমাধান চাইতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে হাজির হন তিনি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে জানতে পারেন, শুধু সুগন্ধায় নয়, পানিতে লবণ বাড়ায় গত কয়েক দিনে নগরের অনেক স্থানেই পানির সংকট তীব্র হয়েছে। লবণাক্ততার কারণে প্রায় এক কোটি লিটার পানি পরিশোধন কমিয়ে দিয়েছে ওয়াসা।
জানা যায়, শুষ্ক মৌসুম শুরু হওয়ায় রেশনিং করার কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে সীমিত পরিমাণে পানি ছাড়া হচ্ছে কর্ণফুলী নদীতে। এতে নদীর উজানে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় জোয়ারের সঙ্গে কর্ণফুলী হয়ে হালদা নদীতে ঢুকছে সাগরের লোনা পানি। ফলে মোহরা শোধনাগারে শোধনের পরেও পানিতে অতিরিক্ত লবণ থেকে যাচ্ছে। গভীর নলকূপের পানি মিশিয়েও সমস্যা কাটাতে পারছে না ওয়াসা।
ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুল করিম চৌধুরী বলেন, এ সমস্যার সমাধানে কাপ্তাই হ্রদ থেকে জোয়ারের সময় পানি ছাড়ার বিষয়ে চার বছর আগের আন্তমন্ত্রণালয় সিদ্ধান্ত থাকা সত্ত্বেও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সহযোগিতা করছে না। এ বিষয়ে অনেকবার যোগাযোগ করেও তাঁরা সাড়া পাননি। সর্বশেষ ২৪ ডিসেম্বর সমস্যার সমাধান চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ওয়াসা। ওয়াসার হিসাবমতে, তারা চাহিদার সর্বোচ্চ ৪২ শতাংশ পানি সরবরাহ করতে পারে। বর্তমানে পানিসংকটের সঙ্গে লবণাক্ততা যোগ হয়ে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। শুষ্ক মৌসুমে পিডিবি ‘রুল কার্ভ’ অনুযায়ী জোয়ারের সময় কাপ্তাই হ্রদের পানি ছাড়লে এ সংকট তৈরি হতো না বলে দাবি করেছেন ওয়াসার কর্মকর্তারা।
জানা গেছে, চলতি মাসের ৬ তারিখ থেকে চট্টগ্রামের একমাত্র পানি শোধনাগার ‘মোহরা পানি শোধনাগারে’ হালদা নদী থেকে উত্তোলিত পানিতে লবণাক্ততা বাড়ার বিষয়টি ধরা পড়ে। পানের অনুপযোগী হওয়ায় গত সপ্তাহ থেকে বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকদের লবণাক্ত পানি পান না করার অনুরোধ করছে ওয়াসা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা খুবই নাজুক পরিস্থিতিতে আছি। মোহরা শোধনাগার প্রকল্প থেকে প্রতিদিন নয় কোটি লিটার পানি উৎপাদন করা হতো। কিন্তু লবণাক্ততার কারণে গত কিছুদিন এক কোটি লিটার পানি কম উৎপাদন করছি। এতে পানিসংকট আরও বেড়েছে।’
ওয়াসা সূত্র জানায়, ১৯৮৭ সালে মোহরা পানি শোধনাগার প্রকল্প চালুর পর ১৯৯৫ সালে প্রথম এ সমস্যা দেখা দেয়। এরপর ২০০৭ ও ২০০৯ সালেও হালদা নদীর পানিতে লবণাক্ততা বেড়েছিল। বিষয়টি সুরাহার জন্য ২০০৯ সালে গঠিত একটি কারিগরি কমিটি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ বেশ কিছু সুপারিশ করে। সেখানে শুষ্ক মৌসুমে অমাবস্যা ও পূর্ণিমার সময় নদীর পানির লবণাক্ততা রোধে কাপ্তাই হ্রদ থেকে অতিরিক্ত পানি ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বিষয়টির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রকে বর্ষা মৌসুম থেকে প্রস্তুতি নিতে বলা হয়। কিন্তু এ বিষয়ে পিডিবিকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। পিডিবি সহযোগিতা না করলে পরবর্তী বর্ষা মৌসুম না আসা পর্যন্ত এ সংকট থেকে যাওয়ার আশঙ্কা করছেন ওয়াসার কর্মকর্তারা।
যোগাযোগ করা হলে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আলী বলেন, ‘এ বিষয়ে আমাদের করার কিছু নেই। শুষ্ক মৌসুমে হ্রদে পানি কম থাকে। তার ওপর এ বছর বৃষ্টির পানিও কম পেয়েছি। এখন যদি পানি ছেড়ে দিই, তাহলে আগামী সেচ মৌসুমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।’ এ ছাড়া মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি বলে তিনি জানান।
এদিকে পানিতে লবণাক্ততা বাড়ায় সুপেয় পানির সংকটে পড়েছে নগরবাসী। অনেকেই অতিরিক্ত টাকা দিয়ে খাওয়ার পানি সংগ্রহ করছে।