লবণের চাহিদা ও ঘাটতির পরিমাণ জানতে চেয়েছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা মেটাতে এ বছর কী পরিমাণ লবণ লাগবে এবং চলতি বছর উৎপাদন ও ঘাটতি-পরিস্থিতি কী হতে পারে, সে বিষয়ে জানাতে বিসিককে এক সপ্তাহের সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল বুধবার লবণ নিয়ে আয়োজিত বৈঠকে বিসিককে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মূর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বিসিকের কর্মকর্তা ও লবণ মিলমালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত একাধিক মিলমালিক বলেন, বৈঠকে সবাই একমত হয়েছেন, উৎপাদন ঘাটতি মেটাতে এ বছর লবণ আমদানি করতে হবে। তবে কী পরিমাণ লবণ আমদানি করতে হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই লবণের চাহিদা, উৎপাদন ও মজুদের বিষয়ে বিসিককে জানাতে বলা হয়েছে।সূত্র জানায়, সভায় লবণ উৎপাদনের পরিমাণ নিয়ে বিসিক ও মিলমালিকদের মধ্যে মতদ্বৈধতার সৃষ্টি হয়। বিসিক বলছে, এ পর্যন্ত ১১ লাখ ৩৫ হাজার টন লবণ উৎপাদিত হয়েছে; গত বছরের দুই লাখ টন মজুদ রয়েছে। সব মিলিয়ে এ বছর এক লাখ টন লবণের ঘাটতি হতে পারে। তবে মিলমালিকদের দাবি, এখন পর্যন্ত উৎপাদিত হয়েছে ১০ লাখ টন। আর আগের বছরের মজুদ আছে ৫০ হাজার টন। তাঁদের হিসাবে চার লাখ টন লবণের সংকট হবে। একই তথ্য উল্লেখ করে মিলমালিকদের সমিতি গত ৮ এপ্রিল চার লাখ টন লবণ আমদানির অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়।বিসিকের কর্মকর্তারা মনে করেন, আমদানির প্রয়োজন হলে দু-একজন বড় আমদানিকারককে অনুমতি না দিয়ে বরং বেশিসংখ্যক মিলমালিককে ভাগ করে আমদানির অনুমতি দেওয়া উচিত। তাহলে কোনো একক প্রতিষ্ঠান বাজারে কারসাজি করতে পারবে না।