লবণের দাম বাড়ায় সংসদীয় কমিটির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির আগে আগে বাজারে লবণের দাম বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়কে লবণের দাম স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির পক্ষ থেকে ঈদের আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যাতে স্থিতিশীল থাকে, সেই ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী ঈদ সামনে রেখে লবণের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছেন। এতে করে এবার কাঁচা চামড়ার বাজারে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশীয় লবণ উৎপাদনের কাজ ব্যাহত হয়েছে। জোয়ারের পানির কারণে কিছুদিন লবণ উৎপাদনের কাজ বন্ধও ছিল। এই সংকট নিরসনের জন্য সাময়িকভাবে দেড় লাখ টন লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের লবণচাষিদের যাতে কোনো ক্ষতি না হয়, সেদিক বিবেচনা করেই বেশি পরিমাণে লবণ আমদানি করা হবে না।

বৈঠক শেষে কমিটির সদস্য ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, লবণের দাম বাড়লে কোরবানির গরুর চামড়া প্রক্রিয়াজাত করতে সমস্যা হবে। এই শিল্পের কথা বিবেচনা করে কমিটি লবণের দাম স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়কে বাজার পর্যবেক্ষণের সুপারিশ করেছে।

অবশ্য কমিটির আগের বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে লবণ আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের লবণচাষিদের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে ২০১৬-১৭ অর্থবছরে দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়ানোর পরিকল্পনা এবং বাণিজ্য মেলার সূচি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন, মনজুরুল ইসলাম ও লায়লা আরজুমান বানু উপস্থিত ছিলেন।