লভ্যাংশ দিয়েছে গ্রামীণ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নূরজাহান বেগম। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, গ্রামীণ ব্যাংক বরাবর শেয়ারধারীদের লভ্যাংশ দিয়ে এসেছে। গ্রামীণ ব্যাংকের সদস্যরা ৫৫ কোটি টাকার শেয়ারের বিনিময়ে এ পর্যন্ত ৭৭ কোটি টাকা লভ্যাংশ পেয়েছেন। প্রত্যেক সদস্যকে প্রতিবছর লভ্যাংশ তাঁর কাছে পৌঁছে দেওয়া হয়। একইভাবে গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানার লভ্যাংশও দেওয়া হয়েছে বলে তিনি বিবৃতিতে জানান। বিবৃতিতে আরও বলা হয়, ২৫ আগস্ট সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, আইনমন্ত্রী বলেছেন, অধ্যাপক ইউনূস দাবি করেন যে গ্রামীণ ব্যাংকের মালিক গরিব মহিলারা। তাঁর দাবি যদি সত্যি হয় তাহলে তিনি কি মালিকদের কোনো লভ্যাংশ দিয়েছেন? ব্যবসায় মালিকেরা মুনাফা পান, এটাই নিয়ম। কিন্তু তিনি কোনো দিন মালিকের লভ্যাংশ দেননি। বিবৃতিতে গ্রামীণ ব্যাংকসংক্রান্ত বিষয়ে প্রকৃত তথ্য জেনে আলোচনা-সমালোচনা করার জন্য সবাইকে অনুরোধ জানান গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম।