লম্বা ছুটি শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে এক দিন বাদ দিলে এবার টানা নয় দিনের লম্বা ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীসহ বহু মানুষ। এদের একটা বড় অংশ ঈদ উদ্যাপন করতে গেছে গ্রামের বাড়ি। উৎসব শেষ করে তাঁদের ফেরা আস্তে আস্তে শুরু হয়েছে। শনি বা রোববার যাঁদের কাজ, তাঁরা অনেকেই গতকাল শুক্রবার ফিরেছেন ঢাকায়। ক্রমেই ফেরার ভিড় বাড়বে জেনে ভোগান্তি এড়াতে ফিরেছেন অন্যরা। নয় দিন পর আগামীকাল রোববার থেকে সপ্তাহের কর্মদিবস শুরু হবে।এদিকে লম্বা ছুটির রেশ এখনো স্পষ্ট ব্যস্ত নগরের জীবনযাত্রায়। গতকাল পর্যন্ত ঢাকার রাস্তায় লোক সমাগম ছিল সামান্য। যানবাহনের চিরচেনা জটও চোখে পড়েনি। ফলে অধিকাংশ রাস্তায়ই ট্রাফিক পুলিশ ছিল না। অটো সিগন্যালেই চলেছে যানবাহন। বিনোদনের স্থানগুলো ছাড়া রাজধানীর রাস্তাঘাটগুলো মূলত ফাঁকা। গতকাল রাজধানী ঢাকার সবকটি আন্তজেলা বাস টার্মিনাল, সদরঘাট নৌবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, বাড়ি যাওয়া মানুষজন ফিরতে শুরু করেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ শেষে কেউ একা, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছেন। যানজটসহ রাস্তাঘাটের ঝক্কি ঝামেলা এড়িয়ে চলতে চান যাঁরা, গতকালের ফেরায় তাঁদের সংখ্যাই ছিল বেশি।গতকাল শুক্রবার বেলা দুইটায় গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছান বেসরকারি সংস্থার চাকুরে ঝুমা রানী পাল। আগামীকাল রোববার কর্মস্থলে যোগ দেবেন তিনি। ঝুমা রানী পাল প্রথম আলোকে বলেন, ‘রাস্তার ঝামেলা এড়ানোর জন্য একটু আগেই ঢাকায় ফিরেছি। যাতে এক দিন বিশ্রাম নিয়ে ধীরে-সুস্থে কর্মস্থলে যোগ দিতে পারি।’ধারণা করা হচ্ছে, আজ শনিবার বিপুলসংখ্যক নগরবাসী আবাসস্থলে ফিরবেন। আগামীকাল রোববার তাঁরা নিজ নিজ কাজে যোগ দেবেন। এবার কার্যত ঈদের ছুটি শুরু হয় গত ২৬ আগস্ট শুক্রবার থেকে। এই ছুটি শেষ হচ্ছে আজ ৩ সেপ্টেম্বর শনিবার। মাঝে ২৯ আগস্ট সোমবার মাত্র এক দিন ছিল কর্মদিবস। ওই এক দিন বাদ দিলে টানা নয় দিন ছুটি ছিল। অনেকে আগাম ছুটি নিয়ে টানা নয় দিনই ঈদের ছুটি কাটিয়েছেন।ঈদের ছুটিতে রাজধানীর রাস্তায় গণপরিবহনের সংখ্যা ছিল নগণ্য। সিএনজি অটোরিকশার সংখ্যাও ছিল চাহিদার তুলনায় কম। এই কদিনে ঢাকার রাস্তাঘাটে অন্যতম প্রধান বাহন ছিল রিকশা। এই সুযোগে রিকশা ও সিএনজি অটোরিকশার চালকেরা মর্জি অনুযায়ী ভাড়া আদায় করেছেন। অবস্থা বুঝে অনেক সময় ১০ টাকার ভাড়া ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত নিয়েছেন রিকশাচালকেরা।গতকাল শুক্রবার বিকেলে মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে চিড়িয়াখানা পর্যন্ত রিকশা ভাড়া নেওয়া হয় ১৩০ টাকা। অথচ এই দূরত্বের স্বাভাবিক ভাড়া ৪০ থেকে ৫০ টাকার বেশি নয়। শেওড়াপাড়া থেকে চন্দ্রিমা উদ্যানের ভাড়া নেওয়া হয় ৫০ টাকা। আবার শেওড়াপাড়া থেকে কারওয়ান বাজার পর্যন্ত সিএনজি অটোরিকশার ‘একদর’ ভাড়া চাওয়া হয় ১৫০ টাকা। মিটারে এই দূরত্বের ভাড়া ৬০ টাকার বেশি নয়। এমনিতেই ভাড়া ও গন্তব্য নিয়ে যাত্রী হয়রানির জন্য কুখ্যাত সিএনজি অটোরিকশার চালকদের পোয়াবারো ছিল এই কদিন। চিড়িয়াখানার দর্শনার্থী কামাল উদ্দিন বলেন, ঈদের সময় যে কেউ পাঁচ-দশ টাকা বাড়তি বকশিশ দিতে প্রস্তুত থাকেন। কিন্তু ঈদের ছুটিতে ঢাকায় রিকশা ও সিএনজি অটোরিকশার ভাড়া বাড়াবাড়ি রকম পর্যায়ে চলে যায়। যাত্রীরা বাধ্য হয়ে তা মেনে নেন।