লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর অংশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত বছরের তুলনায় এ বছর (গত সোমবার পর্যন্ত) প্রায় চার গুণ বেশি লোক নিহত হয়েছেন এই সড়কে দুর্ঘটনায়।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের রেজির মোড়ে সর্বশেষ সোমবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ২০ জন। তাঁদের অনেকের অবস্থা এখনো আশঙ্কাজনক।
ফাঁকা সড়কে চালকদের বেপারোয়া গাড়ি চালানো, সড়কে বিভাজক না থাকা—এসব কারণেই এই সড়কে দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন সড়কের পাশের স্থানীয় লোকজন এবং সড়ক-সংশ্লিষ্ট প্রকৌশলী ও আইন প্রয়োগকারী সংস্থার কর্তাব্যক্তিরা।
পুলিশের বনপাড়া মহাসড়ক (হাইওয়ে) থানার পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১২ সালের ২ নভেম্বর থেকে গত সোমবার পর্যন্ত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোর অংশের ২৬ কিলোমিটারে মোট ৬০টি দুর্ঘটনা ঘটেছে। ২০১২ সালের শেষ দুই মাসে দুর্ঘটনা হয় ১০টি। এতে তিনজন নিহত ও ৭২ জন আহত হন। ২০১৩ সালে ২৫টি দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন। আহত হন ৪৩ জন। ২০১৪ সালে সোমবার পর্যন্ত ২৫টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭ জন। আহত হন ৫৭ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, সর্বশেষ ৬০টি দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের নাটোর অংশের ২৬ কিলোমিটারের ১৮টি স্থানে। এর মধ্যে রাজ্জাকের মোড়ে ছয়টি, কাছিকাটা ও সুতিরপাড়ে পাঁচটি, মহিষভাঙ্গায় চারটি, আগ্রাণ, বনপাড়া গোলচত্বর ও চলনবিল ফিলিং স্টেশন এলাকায় চারটি করে এবং দুটি হয় আইড়মারি ও পূর্ণকলস এলাকায়।
সরেজমিনে এসব এলাকায় দেখা গেছে, অধিকাংশ স্থানে কোনো বাঁক নেই। আপাতদৃষ্টিতে দুর্ঘটনার কোনো কারণ দেখা যায়নি। তাহলে কেন এত দুর্ঘটনা? জানতে চাইলে বনপাড়া মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী বলেন, অযান্ত্রিক ও অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন ছোট যানবাহনের জন্য এই মহাসড়কের সমান্তরালে একটি ‘সার্ভিস রোড’ রয়েছে। তাই যানজটমুক্ত মহাসড়কে গতিসম্পন্ন ও বড় আকারের যানবাহনের চালকেরা খেয়ালখুশিমতো গাড়ি চালান।
নাটোরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিকরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কমানোর জন্য দেশে প্রথমবারের মতো নির্মিত সড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। মহাসড়কে অবকাঠামোগত কোনো ত্রুটি নেই।