লরি ও কাভার্ডভ্যানের দখলে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে ঢোকার অপেক্ষায় কাভার্ডভ্যান (ডানে)। ছবিটি গত মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের ফকিরহাট এলাকা থেকে তোলা l জুয়েল শীল
চট্টগ্রাম বন্দরে ঢোকার অপেক্ষায় কাভার্ডভ্যান (ডানে)। ছবিটি গত মঙ্গলবার দুপুরে বিমানবন্দর সড়কের ফকিরহাট এলাকা থেকে তোলা l জুয়েল শীল

চট্টগ্রাম বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে কাঠগড় পর্যন্ত যানজটের ভোগান্তি বেড়েই চলেছে। এই যানজটের অন্যতম কারণ সড়কের পাশে সাতটি বেসরকারি কনটেইনার ডিপো। এসব ডিপোতে প্রতিদিন সকাল থেকে রাত অবদি আসা-যাওয়া করে কনটেইনারবাহী প্রাইম মুভার (লরি, ট্রেইলর) ও কাভার্ডভ্যান। সড়কের বেশির ভাগ অংশই দখলে থাকে এসব গাড়ির।

বিমানবন্দর সড়কের সল্টগোলা থেকে সিমেন্টক্রসিং হয়ে কর্ণফুলীর তীর ঘেঁষে কাঠগড় মোড় পর্যন্ত দূরত্ব ১০ কিলোমিটার। সড়কের এই অংশে রয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, নেভাল একাডেমি ও পতেঙ্গা সমুদ্রসৈকত। স্থানীয় লোকজনের পাশাপাশি যাতায়াত করে বিমানবন্দরগামী যাত্রী এবং নেভাল ও সমুদ্রসৈকতে বেড়াতে আসা মানুষ। তবে সড়কটির শুরু আগ্রাবাদ বারিক বিল্ডিং মোড় থেকে, দৈর্ঘ্য ১৩ কিলোমিটার।

বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম প্রাইম মুভারস ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, সাতটি ডিপোতে গড়ে প্রতিদিন প্রায় সাত হাজার কনটেইনারবাহী প্রাইম মুভার ও কাভার্ডভ্যান চলাচল করে। এ সময় ডিপোতে ঢোকা ও বের হওয়ার জন্য সড়কের ওপরই অপেক্ষায় থাকতে হয় গাড়িগুলোকে। একটি প্রাইম মুভারের দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ৮ ফুট। এ ছাড়া কাভার্ডভ্যানের দৈর্ঘ্য ২৪ ফুট। এসব গাড়ি সড়কের এক পাশে পার্কিং করলে সরু হয়ে যায় চলাচলের পথ।

সাতটি কনটেইনার ডিপো বিমানবন্দর সড়কে যানজট সৃষ্টির অন্যতম কারণ বলে মনে করছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনও। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়কে যানজট ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। এতে স্থানীয় বাসিন্দারা কার্যত বন্দী। এ ছাড়া বিমানবন্দর থেকে আসতে বা যেতে দুই-তিন ঘণ্টা লেগে যাচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, সড়কের যানজট নিরসনের করণীয় নিয়ে চলতি বছরের ২৫ মার্চ অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১১তম উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় দেড় বছরের মধ্যে নগরের সীমানা থেকে ২০ কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হবে সাতটি কনটেইনার ডিপো। এ ছাড়া আপাতত যানজট কমাতে পিক আওয়ারে (সকাল ও সন্ধ্যা) নগরে কনটেইনারবাহী গাড়ি চলাচল বন্ধ রাখতে আলোচনা হয়। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও এ সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি।

উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে কি না জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, বৈঠকে কনটেইনার ডিপো সরানোর ব্যাপারে আলোচনা হয়েছিল। তবে হুট করে কনটেইনার ডিপো সরানো সম্ভব নয়। আগে বিকল্প ব্যবস্থা করতে হবে।

সাতটি কনটেইনার ডিপোর মধ্যে দুটির অবস্থান ইপিজেড মোড়ে। ইপিজেড থেকে চার কিলোমিটার দূরত্বে কর্ণফুলীর তীর ঘেঁষা লালদিয়ার চর এলাকায় রয়েছে আরেকটি। এ ছাড়া বাকি চারটি ডিপোর অবস্থান লালদিয়ার চর থেকে তিন কিলোমিটার দূরের কাঠগড়ে। এসব এলাকায় দিনে-রাতেই চলাচল করে কনটেইনারবাহী গাড়ি। ডিপো থেকে গাড়িগুলো সিমেন্টক্রসিং ও ফকিরহাট হয়ে বন্দর ইয়ার্ডে আসা-যাওয়া করে।

গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সল্টগোলা রেলক্রসিং মোড়ে দেখা যায়, ডান পাশে (বন্দরমুখী) সড়কের ওপর কনটেইনারবাহী গাড়ির সারি। এসব গাড়ি বেসরকারি বিভিন্ন ডিপো থেকে বের হয়ে অপেক্ষায় আছে বন্দরে ঢোকার জন্য। ফলে সড়ক সরু হয়ে সৃষ্টি হয়েছে যানজট। এ যানজট লেগে থাকে প্রায় ২০ মিনিট। এরপরও গাড়ি চলছে ধীরগতিতে। এ ছাড়া সড়কের শেষ প্রান্তে কাঠগড়ের সমুদ্রসৈকত এলাকায় দেখা যায়, সড়কের দুই পাশের কনটেইনারবাহী গাড়ি। এসব গাড়ির কারণে পথচলা দায় হয়ে পড়েছে।

চট্টগ্রাম প্রাইম মুভারস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবু বকর ছিদ্দিক প্রথম আলোকে বলেন, বিশেষ করে সন্ধ্যা থেকে রাত তিনটা পর্যন্ত গাড়িগুলো ডিপো থেকে বের হলে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, আড়াই থেকে তিন বছর ধরে সল্টগোলা থেকে কাঠগড় পর্যন্ত যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এসব স্থান থেকে ডিপো সরিয়ে নিতে আন্দোলন করছে পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদ ব্যানারে স্থানীয় লোকজন।

পতেঙ্গা-হালিশহর নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, অপরিকল্পিত কনটেইনার ডিপোর কারণে পতেঙ্গা ও বন্দর এলাকার কয়েক লাখ বাসিন্দা জিম্মি। স্থানীয় কর্মদিবস ছাড়া ছুটির দিনেও কাঠগড় এলাকায় যানজটে পড়তে হয়। ডিপোর কারণে গোটা বিমানবন্দর সড়ক ট্রাক ও প্রাইম মুভার টার্মিনালে পরিণত হয়েছে। ভোগান্তি পোহাচ্ছে চাকরিজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ডিপো সরানোর প্রক্রিয়া দ্রুত শুরু না করলে নতুন করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নগরের লালদিয়ার চর এলাকার ইন কনট্রেড কনটেইনার ডিপোর প্রধান নির্বাহী মহসীন সরকার প্রথম আলোকে বলেন, যানজট কোথায় নেই? একটি কনটেইনার ডিপো সরিয়ে নেওয়া এত সহজ নয়। এখানে ৩০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। সরিয়ে নেওয়ার আগে বিকল্প জায়গা দিতে হবে। বে টার্মিনালের পাশে জায়গা আছে। সেখানে ডিপো করা যাবে কিনা তা দেখতে হবে।