লরি থেকে ভবনে আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে লরি থেকে ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০) গতকাল শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মিজানুর ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় এলাকার বাসিন্দা। এ নিয়ে ওই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

গত ৩১ আগস্ট চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির একটি লরি থেকে পাইপ দিয়ে ওই ভবনের ড্রামে তেল সরবরাহ করা হচ্ছিল। এ সময় তেলের ট্যাংকলরিতে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর আহত ছয়জনের মধ্যে মিজানুর রহমানের ছেলে মো. রায়হান (২৩), লরির হেলপার নূর মোহাম্মদ (২০) ও মাসুদ হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।