লরি থেকে ভবনে আগুন: দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে জ্বালানি তে​লবাহী লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মাসুদ হোসেন (২৮) আজ রোববার মারা গেছেন। মাসুদ ওই লরির চালকের সহকারী ছিলেন। 

এ নিয়ে ওই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম জানান, মাসুদ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মারা যাওয়া অন্য দুজন হলেন তেল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে মো. রায়হান ও লরির চালকের আরেক সহকারী নূর মোহাম্মদ। এ ঘটনায় শুক্রবার চাঁদপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

আজ মারা যাওয়া মাসুদ হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মান্নান গাজীর ছেলে। এদিকে এ ঘটনায় জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি শনিবার থেকে তদন্ত শুরু করেছে।

গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত যমুনা অয়েল কোম্পানির একটি লরি থেকে পাইপ দিয়ে ওই ভবনের ড্রামে পেট্রল সরবরাহ করা হচ্ছিল। এ সময় তেল সরবরাহকালে হঠাৎ বিকট শব্দ হয়ে লরিতে তেলের ট্যাংকে আগুন ধরে যায়। মুহূর্তেই তা তিনতলা বিশিষ্ট ভবনসহ আশপাশে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), লরির চালক বাদশা মিয়া (৫০) ও বেলাল হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।