লরিকে ধাক্কা দিয়ে বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনাকবলিত জ্বা​লানি তেলবাহী লরি। পেছন থেকে একটি বাস লরিকে ধাক্কা দিলে এটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ছবিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনাকবলিত জ্বা​লানি তেলবাহী লরি। পেছন থেকে একটি বাস লরিকে ধাক্কা দিলে এটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। ছবিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে তেলবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যানজট লেগে যায়। সকাল সাড়ে নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় নিহত মো. বাবু (২৩) বাসটির চালকের সহকারী। তাঁর বাড়ি ঢাকার ডেমরায়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী একটি লরি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেপরোয়া গতিতে এসে ইউনিক পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। আরও বাসটি পড়ে যায় অন্তত ১০ ফুট গভীর খাদে।

মহাসড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি
মহাসড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি

বাসের আহত যাত্রী নাজমা আক্তার বলেন, তিনি ঢাকা থেকে চট্টগ্রামের লোহাগাড়া যাচ্ছিলেন। বাসটির গন্তব্য ছিল কক্সবাজার। সীতাকুণ্ডের কাছাকাছি আসার পর চালক ঝিমাচ্ছিলেন। বেপরোয়া গতিতে লরিটি অতিক্রম করার সময় তিনি সেটিকে ধাক্কা দেন। নাজমা আক্তার বলেন, তিনি হাতে ও ডান চোখে আঘাত পেয়েছেন।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশন কর্মকর্তা মো. ফখরুদ্দীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা ২৫ জন আহত যাত্রীকে উদ্ধার করেন। তিনি বলেন, বাসটি বিদ্যুতের একটি খুঁটিকে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশুতোষ নাথ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ১০ জনকে আনা হয়। তাঁদের মধ্য থেকে বাসের চালক শাহেদ (৪০), যাত্রী নুরুল হক (২৪), হাসান জাহাঙ্গীর (৪২) ও নাজমা আক্তারকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম বলেন, বাসের যাত্রীদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ এবং কক্সবাজারের চকরিয়া ও কুতুবদিয়ায়। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।