লরিতে বাসের ধাক্কা, প্রাণ গেল ৮ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থেমে থাকা লরির পেছন দিকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহত একজনের স্বজনের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরির পেছন দিকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে আনার পথে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন।

আজ সোমবার দুপুরে টিপুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম প্রথম আলোকে জানান, বেলা ১টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে পাশের খাদে অর্ধেক পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে ৫ জন নিহত হন। আহত হন ২৭ জন যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, মেডিকেলে নিহত পাঁচজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শুভ সাহা (১৮)। অন্যদের মধ্যে ৬ বছরের এক শিশু, ৪৫ বছরের এক পুরুষ, ৫০ বছরের এক নারী ও ৬০ বছরের এক বৃদ্ধা আছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, ২৬ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ১৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার পর পাঁচজন মারা যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বেলা সোয়া একটার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। তিনি বলেন, একটি যাত্রীবাহী বাস এসে থেমে থাকা লরিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। লরিকে ধাক্কা দিয়ে বাসটি সড়কের পাশে পড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে কাজ করছে।