লরির আগুন ছড়াল আবাসিক এলাকার তেলের গুদামে, দগ্ধ ৭
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট্যাংক লরিতে লাগা আগুন পাশের তিনতলা ভবনের নিচতলায় তেলের গুদামে ছড়িয়ে পড়ার ঘটনায় পাম্পের মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আবাসিক এলাকায় ওই গুদাম অবৈধভাবে তৈরি করা হয়েছিল বলে এলাকাবাসীর অভিযোগ।
গতকাল বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে গুরুতর ছয়জনকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ ব্যক্তিদের মধ্যে তেলের পাম্পের মালিক মিজানুর রহমান (৫০) ও তাঁর ছেলে রায়হান (২৩) রয়েছেন। অন্যরা হলেন ট্যাংক লরির কর্মী নুরু মোহাম্মদ (২১), বাদশা মিয়া (৫০), মাসুদ হোসেন (২৮) ও বেলাল হোসেন (৩৫)। দগ্ধ অপরজন ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির মালিকের নাম মমতাজউদ্দিন। মিজানুর রহমান নামের এক ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। তিনি তিনতলায় ভাড়া থাকেন। একতলায় তেলের গুদাম করেছিলেন। ভবনের দ্বিতীয় তলায় আরও দুই পরিবার ভাড়া থাকে। আবাসিক এলাকায় এভাবে তেলের গুদাম রাখা অবৈধ বলে তাঁরা মনে করেন।
স্থানীয় এলাকাবাসী কবির মিজি বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে মিজানুর তেলের গুদাম রেখেছিলেন। অগ্নিকাণ্ডে আশপাশের ভবনের বাসিন্দারাও বিপদে পড়তে পারতেন।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, গতকাল রাত ১২টার দিকে ওই সড়কের পদ্মা ডিপোর এক ডিলারের কাছে গাড়ি থেকে তেল ট্যাংকে ভরে সরবরাহ করা হচ্ছিল। হঠাৎ গাড়িতে বিকট শব্দ হয়। তেলের ট্যাংক লরিতে আগুন ধরে যায়। আগুন পাশের তিনতলা ভবনের একতলায় তেলের গুদামে ছড়িয়ে পড়ে। সেখানে রাখা অকটেন, ডিজেলের কয়েক শ তেলের ড্রামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. বেলালের ভাষ্য, অগ্নিদগ্ধ ছয়জনকেই ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে চারজন ৮০ শতাংশ ও ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন। দুজন ৫০ শতাংশ ও ৬০ শতাংশ দগ্ধ হয়েছেন। আহত ফায়ার সার্ভিস কর্মী খোকন মজুমদার চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন।
চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক রতন দত্তের ভাষ্য, আগুন নেভানো সম্ভব হলেও এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তবে তিনতলা বাড়ির একতলার ওই গুদামে ডিজেল, পেট্রল, অকটেন, গ্যাস সিলিন্ডার ও কেরোসিন ছিল। এ ছাড়াও তেলভর্তি ট্যাংকারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: