
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট এলাকায় গতকাল রোববার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এই সড়কের মদুনাঘাট এলাকায় বিদ্যুতের সাব-স্টেশনের একটি বড় ট্রান্সফরমার ঢোকানোর সময় রাস্তার গর্তে লরির চাকা আটকে গেলে এই যানজটের সৃষ্টি হয়। এতে সড়কের উভয় দিকে হাজারো যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়।
ভুক্তভোগীরা জানান, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাট পাওয়ার গ্রিড সাব-স্টেশনের প্রবেশপথে একটি বড় ট্রান্সফরমারবোঝাই লরি ঢুকতে গিয়ে বিপত্তি দেখা দেয়। লরির চাকা রাস্তার গর্তে আটকে যায়। ভারী গাড়িটি সরাতে প্রায় আড়াই ঘণ্টা লেগে যায়। এরপর কাপ্তাই সড়কে ধীরগতিতে যান চলাচল আবার শুরু হয়।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, পাওয়ার গ্রিডের প্রবেশপথটি কাদামাটিতে একাকার। লরিটি সেখানে আড়াআড়ি আটকে আছে। গাছের গুঁড়ি ফেলে ট্রান্সফরমারবোঝাই লরিটি ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল। রাস্তা আটকে থাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের জিয়াবাজার এলাকা থেকে হাটহাজারী নেয়ামত আলী মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির জট ছিল। এ সময় দু-একজন যুবককে নিজ উদ্যোগে রাস্তায় নেমে জট নিরসনে কাজ করতে দেখা গেছে।

গতকাল দুপুর ১২ টায় যানজটে আটকে থাকা রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘অসুস্থ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কিন্তু মদুনাঘাটে যানজটের কারণে এক জায়গাতেই বসে থাকতে হচ্ছে।’
একইভাবে রাউজান থেকে নগরে কলেজে যাওয়ার পথে আটকে ছিলেন স্নাতকের ছাত্র নাহিদুল ইসলাম। তিনি বলেন, রাস্তায় আটকা পড়ে ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে।
কর্ণফুলী ও হালদা নদী থেকে পানি শোধন করে নগরে সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসার দুটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় পাইপলাইন বসাতে ব্যাপকভাবে কাপ্তাই সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। পুরো সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে।
মদুনাঘাট পাওয়ার গ্রিড ও সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী নুরুদ্দিন মোহাম্মদ ফরহাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ১১০ টন ওজনের ট্রান্সফরমারটি ভেতরে ঢোকানোর সময় গর্তে লরির চাকা দেবে যায়। আড়াই ঘণ্টা চেষ্টার পর লরি ভেতরে ঢোকানো সম্ভব হয়। এ জন্য কাপ্তাই সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় বলে তিনি স্বীকার করেন।
ফরহাদ চৌধুরী আরও বলেন, কাপ্তাই সড়ক কেটে ছিন্নভিন্ন করে ফেলা হয়েছে। এ কারণে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।