লরির ধাক্কায় এনজিওর দুই কর্মী নিহত
রংপুরের তারাগঞ্জ উপজেলায় তেলবাহী একটি লরির ধাক্কায় সালমা খাতুন (৩২) ও মিঠুন দাস (২৪) নামের দুজন নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে রংপুর-সৈয়দপুর সড়কে উপজেলার আলমপুর ইউনিয়নের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা বেসরকারি সংস্থা আরআইবির সৈয়দপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সদর উপজেলার যাদুরহাট গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী সালমা খাতুন ও সৈয়দপুর উপজেলার ধুলিয়া গ্রামের মিঠুন দাস ওই দিন বিকেলে একটি মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে সৈয়দপুর যাচ্ছিলেন। ডাল সড়ক এলাকায় পৌঁছালে রংপুরগামী তেলবাহী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তাঁরা সড়কের পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই সালমা মারা যান। গুরুতর আহত মিঠুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তাঁরও মৃত্যু হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, তেলবাহী লরিটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সালমার ভাই বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি মামলা করেছেন।