লরির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় লরির ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলে সৃষ্টি হয় যানজট। ছবিটি গতকাল বেলা দুইটায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় লরির ধাক্কায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখলে সৃষ্টি হয় যানজট। ছবিটি গতকাল বেলা দুইটায় বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাঁর নাম জাহেদুল ইসলাম (১২)। গতকাল শনিবার বেলা একটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। আটক করে লরির চালককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা মহাসড়ক আধা ঘণ্টার মতো অবরোধ করে রাখে। পরে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে গাড়ির সারি উভয় দিকে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। বেলা দুইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত স্কুলছাত্রের সহপাঠী রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলে, বিদ্যালয়ের ষাণ্মাসিকের ইংরেজি বিষয়ের প্রথম পত্রের পরীক্ষা শেষ করে হেঁটে তারা দুজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (পূর্ব পাশে) পার হয়। হঠাৎ উল্টোপথে (ঢাকামুখী) স্ক্র্যাপবাহী একটি লরি দ্রুতগতিতে এসে জাহেদুলকে চাপা দেয়। আরও কয়েকজন সহপাঠীসহ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মহাসড়কের পশ্চিম পাশে। ওই অংশে চলাচল করে ঢাকামুখী গাড়ি। চট্টগ্রামমুখী গাড়ি চলাচল করে পূর্ব পাশে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের বেশির ভাগ কারখানার গাড়ি মহাসড়কে উল্টোপথে চলছে। প্রশাসনকে কখনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও গাড়ির মালিকপক্ষসহ বসে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ওই ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে উঠে দুটি গাড়ির কাচ ভেঙেছে। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ১৫ মিনিটের মতো মহাসড়ক বন্ধ ছিল। পরে তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক গতকাল রাত ১০টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক লরি চালক আমাদের হেফাজতে রয়েছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা শেষে তাঁকে পুলিশের কাছে দেওয়া হবে।