লরির সঙ্গে বাসের ধাক্কা, আট যাত্রী আহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন মছজিদা এলাকায় লরির সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় আটজন আহত হয়। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মছজিদা উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সুজা মিয়া (৬০), মনোরঞ্জন অধিকারী (৬০), শান্তা আক্তার (১৩), শাহজাহান (৪০), মনোয়ারা বেগম (৪৫), আবদুল্লাহ আল মামুন (১৭), জহুরা (৩০) ও হোসনে আরা। প্রথম ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কানকিরহাটে যাচ্ছিল। মছজিদা এলাকায় পৌঁছার পর বাসটির সামনে থাকা একটি লরি হঠাৎ ব্রেক করে। তখন দ্রুতগতিতে থাকা বাসটি পেছন থেকে গিয়ে লরির সঙ্গে ধাক্কা খায়। এতে চালকের আসনসহ ডান দিকের ছয়টি আসন দুমড়ে-মুচড়ে যায়।প্রত্যক্ষদর্শী মো. শাহজাহান জানান, ধাক্কার সঙ্গে সঙ্গে চালক ছিটকে সামনের দিকে পড়ে যান।ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ চালায়। কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কাশেম লরিটি পালিয়ে গেছে বলে জানান।