
সড়কের বুক চিরে অবস্থান নিয়েছে কাভার্ড ভ্যান, লরি। আর দুই পাশটা দখলে রেখেছে পণ্যবাহী ট্রাক। ফলে সংকুচিত হয়ে পড়া রাস্তার ফাঁকফোকর গলেই ছুটে চলার চেষ্টা করছে গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহন। দেশের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের চিত্র এটি। বিমানযাত্রী, পর্যটকসহ আশপাশের এলাকার বাসিন্দাদের ভোগান্তির অপর নাম হয়েছে এখন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক।
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের জন্য যাঁরা এই সড়কে নিয়মিত চলাচল করেন, তাঁদেরও এ নিয়ে অভিযোগের শেষ নেই। শহর থেকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার রাস্তাও এটি। বন্দরকে ঘিরে নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় এই বিমানবন্দর সড়কের বিভিন্ন অংশে রাস্তায় ট্রাক-লরি-কাভার্ড ভ্যান পার্ক করে রাখা হয়। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। স্বাভাবিক অবস্থায় বাসযোগে ওই পথটুকু পাড়ি দিতে আধা ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু রাস্তা সংকুচিত হয়ে পড়া ও যানজটের কারণে এই পথ পাড়ি দিতে গড়ে এক ঘণ্টা সময় লাগে।
পুলিশের ট্রাফিক বিভাগ এবং ওই পথে চলাচলকারী যানবাহনের চালকেরা বলছেন, বিমানবন্দর সড়কের পাশে ইনকনট্রেড কনটেইনার ডিপো ও কাটগড় এলাকায় আরও তিনটি কনটেইনার ডিপোর কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘বিমানবন্দর সড়ক বড় গাড়ির দখলে চলে গেছে। এটা আমাদের ভাবমূর্তি নষ্ট করছে। আমরাও চাই ট্রাক-লরির টার্মিনাল। এ জন্য সিটি করপোরেশনের মেয়রকে উদ্যোগ নিতে হবে।’
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘ট্রাক-লরির জন্য হালিশহর বেড়িবাঁধের কাছে আমরা ১০০ একর জায়গা চেয়েছিলাম। এ জন্য সব ধরনের জরিপকাজ শেষ হয়েছে। কিন্তু জেলা প্রশাসন সিটি করপোরেশনের কাছে ৮০০ কোটি টাকা দাবি করে। এই টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। তাই আমরা প্রধানমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চাই, যাতে চট্টগ্রামে একটি স্থায়ী ট্রাক-লরির টার্মিনাল হয়।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে শহরে কোনো ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির টার্মিনাল নেই। ফলে গাড়িগুলো রাস্তায় পার্কিং করা হচ্ছে। তিনি বলেন, বন্দরের পাশে স্থায়ী টার্মিনাল নির্মাণ করাই একমাত্র সমাধান। এ ব্যাপারে সিডিএ ও সিটি করপোরেশনকে পদক্ষেপ নিতে হবে।