বাংলায় বিজ্ঞান শেখার বই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গতকাল বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার
প্রথম আলো কার্যালয়ে গতকাল বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার

আমাদের বিজ্ঞানের বইগুলো পড়তে কষ্ট হয় কেন? এসব বই কি আরও সহজ করা যায়? মহাকর্ষ তরঙ্গ কী? এটি শনাক্ত করে মানুষেরই বা কী লাভ? এমন আরও অনেক প্রশ্ন ছিল দীপঙ্কর তালুকদারের কাছে। তিনি বাংলাদেশি কৃতী পদার্থবিজ্ঞানী, মহাকর্ষ তরঙ্গ শনাক্তকরণ
দলের একজন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অরিগন বিশ্ববিদ্যালয়ে গবেষণায় যুক্ত।
প্রথম আলোর কার্যালয়ে গতকাল বুধবার দীপঙ্কর একদল শিশু-কিশোর-তরুণ ও সাংবাদিকের মুখোমুখি হন। সেখানে ছিল এসব প্রশ্ন, উত্তর আর মৌলিক বিজ্ঞানের গুরুত্ব নিয়ে আলাপচারিতা। তাঁর মতে, নতুন কিছু তৈরির জন্য পরিশ্রম দরকার। আর তা অর্জনে তৃপ্তিটাও বেশি। এ জন্য দরকার হাতেকলমে বিজ্ঞান শেখার উপযোগী বই।
দুই ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) মিলনের ফলে সৃষ্টি হয় মহাকর্ষ তরঙ্গ, ১০০ বছর আগে যার কথা বলেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানীদের যন্ত্রে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ধরা পড়ে এই তরঙ্গ। সুবিশাল যন্ত্রটির নাম লাইগো। এ সাফল্যের খবর গত ফেব্রুয়ারিতে বিশ্বে আলোড়ন তোলে। মহাকর্ষ তরঙ্গ শনাক্তকারী বিজ্ঞানী দলের একজন দীপঙ্কর।

কিশোর আলো, গণিত অলিম্পিয়াড ও বন্ধুসভার কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিজ্ঞানী  দীপঙ্কর তালুকদার l ছবি: প্রথম আলো
কিশোর আলো, গণিত অলিম্পিয়াড ও বন্ধুসভার কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার l ছবি: প্রথম আলো

গতকাল প্রথম পর্বের আলোচনায় দীপঙ্কর মুখোমুখি হন সাংবাদিকদের। তাঁর কাছে জিজ্ঞাসা ছিল, মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করার ফলে কী লাভ হলো? জবাবে দীপঙ্কর নিজের মুঠোফোন বের করে দেখান। বলেন, ল অব দ্য ফটোইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছিলেন আলবার্ট আইনস্টাইন। ১০০ বছর পর সেই আবিষ্কার কাজে লাগিয়ে মানুষ মুঠোফোন ব্যবহার করছে। মহাকর্ষ তরঙ্গ শনাক্তকরণের প্রত্যক্ষ সুফলও মানুষ একদিন নিশ্চয়ই পাবে। এ কারণেই গবেষণা সব সময় চালিয়ে যেতে হয়। স্বপ্ন দেখতে হয়। আর মার্কিন সরকার কোনো প্রকল্পে বিনিয়োগ করার আগে তার সুফল সম্পর্কে নিশ্চিত হয়ে নেয়।
দ্বিতীয় পর্বে বিকেলে শিশু-কিশোরদের মুখোমুখি হন বিজ্ঞানী দীপঙ্কর। এতে কিশোর আলো, গণিত অলিম্পিয়াড ও বন্ধুসভার কিশোর-তরুণ স্বেচ্ছাসেবকেরা অংশ নেয়। ঘরোয়া এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘কিশোর আলো’র সম্পাদক আনিসুল হক। দীপঙ্কর বললেন তাঁর ব্যক্তিজীবন, নিজের পড়ার অভ্যাস, সুযোগ পেলেই বড়শি নিয়ে মাছ ধরার আনন্দের কথা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী শম্পা বিশ্বাস। তিনি জানালেন রান্নার প্রতি দীপঙ্করের আগ্রহ এবং অন্যান্য শখের কথা।

আমাদের বিজ্ঞান শিক্ষার অবস্থা নিয়ে দীপঙ্কর তালুকদার বলেন, হাতেকলমে বিজ্ঞান শেখার জন্য আরও উপযোগী বই লাগবে। এ দেশে ইংরেজি মাধ্যমে বিজ্ঞানের পাঠ্যবইগুলোর মান তুলনামূলক ভালো। বাংলা মাধ্যমে বিজ্ঞানের বইপত্র খুব উৎসাহব্যঞ্জক নয়। এ দেশে বিজ্ঞান শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা ঠিকমতো গড়ে ওঠে না। ফলে তাদের পড়ার আগ্রহটাই কমে যায়। মুখস্থ করার প্রবণতা বাদ দিয়ে নতুন নতুন সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে হবে। পাঠ্যবইগুলোও সেই আলোকে লিখতে হবে। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক আরও সহজ ও বেশি বন্ধুত্বপূর্ণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন দীপঙ্কর। জন্ম ১৯৭৭ সালে, বরগুনায়। বাবা পরেশ তালুকদার একসময় ছিলেন বরগুনা পৌরসভার ভাইস চেয়ারম্যান। নানা প্রতিকূলতা পেরিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

শিশু-কিশোর-তরুণ প্রজন্মের জন্য দীপঙ্করের পরামর্শ, পরিশ্রম করতে হবে। তাহলে অর্জনের তৃপ্তিটা আসবে। যত বেশি পরিশ্রম, তত বেশি অর্জন এবং তৃপ্তিও ততটাই বেশি। পাশের লোকটা তোমাকে সাহায্য করতে চাইছে না। যদি ধরে নাও পৃথিবীর সব মানুষই এ রকম, সেটা ভুল হবে। সম্ভাবনা সবার আছে। সেটাকে বিকশিত করতে হবে।

দীপঙ্কর মনে করেন, মৌলিক বিজ্ঞানের গুরুত্ব সব সময়ই বেশি। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চাইলেও বিজ্ঞান পড়তে হয়। এসব পেশায় গেলে একসময় অনেক টাকা আয় করার সুযোগ হয়। কিন্তু তা দিয়ে সুখ সব সময় মিলবে না।

শিশু-কিশোরদের উদ্দেশে দীপঙ্কর বলেন, সুখ আসবে যদি নিজের মতো কিছু করতে পারো। সৃষ্টি করতে পারো। এমন ডাক্তার হও, যাতে গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করতে পারো। ইঞ্জিনিয়ার হয়ে নতুনভাবে কিছু তৈরি করো। সামনের দিকে এগিয়ে যেতে হবে, যত বাধাই আসুক না কেন। তরুণদের কেউ কেউ ভাবতে পারে, দেশে অনেক বেকার আছে। আমি কী করব? প্রতিযোগিতায় জিততে হবে। বেকারত্ব নতুন কিছু নয়। ১০০ বছর আগেও ছিল, পরেও থাকবে। তোমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। আর সেই লড়াইয়ে জয়ী হতে হবে।

পদার্থবিজ্ঞানী দীপঙ্করের মতে, গবেষণা ছাড়া উন্নয়ন হবে না। এটা বিজ্ঞানের ক্ষেত্রে খুবই সত্যি। গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। যুক্তরাষ্ট্রে মৌলিক বিজ্ঞানের গবেষণায় যে বিনিয়োগ হয়, সেটাই প্রযুক্তির উন্নয়নে সহায়তা করে। ভারতও মহাকর্ষ তরঙ্গ শনাক্তকরণের যন্ত্র লাইগো প্রকল্পে বিনিয়োগ করেছে। বাংলাদেশেও অনেক সম্ভাবনা আছে। বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি বিজ্ঞানী কাজ করছেন, তাঁদের ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ নিতে হবে। ভারত এটাই করেছে। দেশে ফিরে বিজ্ঞানীরা যদি ভালো কাজ করার সুযোগ পান, অবশ্যই আসবেন। বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে অনেক কাজ করানো হয়, সেই প্রবণতাও কমবে তাহলে।

দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে মাস্টার্স শেষে (২০০২) মাস্টারমাইন্ড আর অক্সফোর্ড স্কুলে পড়িয়েছেন কিছুদিন। তারপর সরাসরি যুক্তরাজ্য থেকে কমনওয়েলথ বৃত্তি, পড়েছেন অ্যাডভান্সড ম্যাথমেটিকস কেমব্রিজে (২০০৩)। এরপর ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে মহাকর্ষ তরঙ্গ নিয়ে পড়তে যান। স্নাতক পড়ার অংশ হিসেবে এক বছর কাটান জার্মানির হ্যানোভারের আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটে। সেখান থেকে ফিরে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির তৃতীয় মাস্টার্স। ২০১২ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন। একই সঙ্গে কলেজ অব সায়েন্সের আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট পুরস্কার পান। পিএইচডি গবেষণার বিষয়ও ছিল, দুটি ব্ল্যাকহোল মিলিত হলে যে অশান্ত ব্ল্যাকহোল তৈরি হয়, সেখান থেকে আসা বৃত্তায়িত মহাকর্ষ তরঙ্গের সংকেত কীভাবে শনাক্ত করা যাবে। তাঁর স্ত্রী শম্পা বিশ্বাস ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষা বিষয়ে পিএইচডি করছেন।