লাইজুর ঘরে ফেরার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইজু বেগম l প্রথম আলো
লাইজু বেগম l প্রথম আলো

দেড় বছর আগে ঘর ছাড়েন লাইজু বেগম (৪০)। ওই সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। স্বজনেরা খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। কীভাবে যেন চলে আসেন নড়াইলের লোহাগড়া থেকে কক্সবাজার পর্যন্ত। তাঁকে আহত অবস্থায় পান এক দল তরুণ।  লাইজুকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন তাঁরা। অবশেষে ফিরিয়ে দেন পরিবারের কাছে।

২০ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বামী মনির মিয়ার (৫০) হাতে তুলে দেওয়া হয় লাইজুকে। জেলা প্রশাসক মো. আলী হোসেন এ প্রক্রিয়া সম্পন্ন করেন।

মনির মিয়া পেশায় কৃষক। বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চরপরানপুরে। সংসারে রয়েছে ছয় সন্তান। ২০১৬ সালের জানুয়ারি মাসে লাইজু ঘর ছেড়ে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনের বাসায় ও ঢাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। লোহাগড়া থানায় নিখোঁজ ডায়েরি করেও সন্ধান পাননি।

লাইজুর পাশে দাঁড়ানো তরুণেরা হলেন স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির সদস্য। সংগঠনটির উদ্যোক্তা আশরাফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তিন মাস আগে রামু বাইপাস সড়কের চৌমুহনী এলাকায় আহত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। তাঁর পায়ে ক্ষত ছিল। সেখান থেকে উদ্ধার করে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অস্ত্রোপচার হয় পায়ে। ওই সময় তাঁর মানসিক চিকিৎসাও চলে। ধীরে ধীরে স্মৃতি ফিরে পান তিনি। তাঁর নাম বলেন। একপর্যায়ে স্বামীর নাম ও ঠিকানাও জানান। পরিবারের কাছে দেওয়ার আগ পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, লাইজু বেগম এখনো পুরোপুরি সুস্থ হননি। তাঁর মানসিক চিকিৎসা চালাতে হবে নিয়মিত।

এবার আসা যাক ঘরে ফেরানোর সেই গল্পে। কীভাবে সন্ধান পেলেন লাইজুর পরিবারের তা সবিস্তারে জানান আশরাফুল ইসলাম। তিনি বলেন, লাইজু বেগমের পরিবারের সন্ধান চেয়ে ১৫ আগস্ট কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। এই স্ট্যাটাস সারা দেশের আরও ৮০টি অনলাইনভিত্তিক সামাজিক সংগঠনের ফেসবুক পেজে ট্যাগ করা হয়। সেই সূত্র ধরে ১৮ আগস্ট ঢাকা থেকে এক ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করেন। পরদিন লাইজু বেগমের স্বামী মনির মিয়াও মুঠোফোনে কথা বলেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নিতে মনির চার স্বজনকে নিয়ে ২০ আগস্ট সকালে কক্সবাজার আসেন। সবকিছু নিশ্চিত হয়ে বিকেলে আনুষ্ঠানিকভাবে লাইজুকে স্বামীসহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।

হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে লাইজু বেগমকে আনা হয় জেলা প্রশাসক কার্যালয়ে। স্বামী মনির মিয়াকে দেখেই চিনে ফেলেন। স্বামীর হাতে হাত রেখে ভেঙে পড়েন কান্নায়। মনির মিয়ার চোখেও তখন জল। চোখ মুছতে মুছতে বলেন, স্ত্রীকে ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবেন না। দীর্ঘদিন খুঁজে না পেয়ে তাঁকে (লাইজু) পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। এখন তাঁর সংসার নতুন প্রাণ পেল।