লাইটার জাহাজ ডুবি
ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর জাহাজটির ১৩ নাবিক স্পিডবোটের সাহায্যে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
বন্দর ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সকালে বন্দরের বহির্নোঙরে ‘এমভি জিং পেং দা’ নামের একটি বড় জাহাজ থেকে ৯৫০ টন সিমেন্ট ক্লিংকার বোঝাই করা হয় এমভি বৃষ্টি নামের লাইটার জাহাজটিতে। এরপরই ছোট জাহাজটি কর্ণফুলী নদীর তীরে ডায়মন্ড সিমেন্টের জেটিতে আসার সময় পতেঙ্গার অদূরে একটি ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে যায়। জাহাজটির মালিক প্রতিষ্ঠান ঢাকার মিডিয়া শিপিং।
জাহাজটি পরিচালনাকারী মেরিন সার্ভিস অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের পরিচালক অমল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করলে নাবিকেরা উদ্ধারের সাহায্য চান।
লাইটার জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো জানায়, জাহাজটি যেখানে ডুবেছে সেখানে ‘এমভি রিটা’ নামে একটি ডুবন্ত জাহাজের কিছু অংশ পড়ে ছিল। কিন্তু বিপজ্জনক এই স্থানটি এড়িয়ে জাহাজ চলাচলের জন্য কোনো বয়া ছিল না। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।
সিমেন্ট তৈরির জন্য এই ক্লিংকার আমদানি করে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক কামাল উদ্দিন জানান, জাহাজটি ডুবে যাওয়ায় তাঁদের আমদানি করা প্রায় ৯৫০ টন সিমেন্ট ক্লিংকার নষ্ট হয়ে গেছে।