লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থায় ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইটার জাহাজ বরাদ্দকারী সংস্থা ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেল’ থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের জাহাজমালিকদের একটি সংগঠন। ২১ মে থেকে এই সংগঠনটি আলাদা করে পণ্য পরিবহনের জন্য জাহাজ বরাদ্দ দেওয়ারও ঘোষণা দিয়েছে।
জাহাজমালিকদের তিনটি সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে প্রায় ১৪ বছর আগে ওয়াটার ট্রান্সপোর্ট সেল গঠন করে। এই তিনটি সংগঠন হলো বাংলাদেশ কোস্টাল ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভোয়া), কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন (কোয়াব) এবং চিটাগাং ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (আইভোয়াক)। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পণ্য পরিবহনের জন্য আমদানিকারকের প্রতিনিধিদের কাছে এই সেল থেকে জাহাজ বরাদ্দ দেওয়া হয়। ওই তিন সংগঠনের প্রতিনিধিরা ওয়াটার ট্রান্সপোর্ট সেল পরিচালনা করতেন।
জাহাজমালিকদের সূত্রে জানায়, গত ১৭ ফেব্রুয়ারি বিসিভোয়ার নির্বাচন হয়। নির্বাচনের পর গত ৭ মার্চ দায়িত্ব নেয় নতুন কমিটি। এই কমিটি দায়িত্ব নেওয়ার পর নতুন ও পুরোনো কমিটির নেতাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জের ধরে নতুন কমিটিকে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের দায়িত্ব বুঝে দেয়নি পুরোনো কমিটি। দায়িত্ব বুঝে না পেয়ে নতুন কমিটি চট্টগ্রামের জাহাজমালিকদের সংগঠনকে (আইভোয়াক) চিঠি দিয়ে জানায়, ওয়াটার ট্রান্সপোর্ট সেলে থাকার সুযোগ নেই তাদের। এই চিঠি পেয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন জাহাজমালিকেরা।
চিটাগাং ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিসিভোয়ার নতুন কমিটি এক চিঠিতে ওয়াটার ট্রান্সপোর্ট সেলে জাহাজমালিকদের সংগঠন থাকতে পারে না বলে জানিয়েছে। এ কারণে আমরা আলাদা হয়ে গেছি।’
অপরদিকে বিসিভোয়ার নতুন কমিটির সাধারণ সম্পাদক নুরুল হক প্রথম আলোকে বলেন, আলাদা হওয়ার বিষয়টি তাঁদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।