লাইটার দিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ শিশু

চট্টগ্রামের রাউজানে লাইটার দিয়ে খেলতে গিয়ে এক শিশু দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ স্নেহা (৬) ওই ওয়ার্ডের রাজু সরকারের একমাত্র মেয়ে। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, কয়েক জন শিশু খেলা করছিল। হঠাৎ শিশুরা চিৎকার দিলে আশপাশের ব্যক্তিরা এগিয়ে আসেন। এ সময় তারা স্নেহার জামায় আগুন জ্বলতে দেখে। পরে আগুন নিভিয়ে তাকে গহিরা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্নেহাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শিশু স্নেহার চাচি প্রমীলা দাশ বলেন, ‘পরিবারের সদস্যদের অগোচরে স্নেহা ঘর থেকে গ্যাস লাইটার নিয়ে যায়। খেলার একপর্যায়ে লাইটার থেকে তার জামায় আগুন লেগে যায়। গায়ে সিল্কের জামা থাকায় শরীরের বেশির ভাগ ঝলসে গেছে।’