লাইটার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রায় চার দিন ধরে চলা লাইটার শ্রমিকদের একাংশের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
কর্মবিরতি প্রত্যাহারের পর গতকাল মঙ্গলবার বিকেল চারটা থেকে চট্টগ্রামে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতে লাইটার জাহাজ থেকে আংশিকভাবে পণ্য খালাস শুরু হয়। আজ বুধবার থেকে পুরোদমে পণ্য খালাস শুরু হবে বলে জানিয়েছেন ঘাটের ইজারাদারেরা।
গতকাল সকাল দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রাজধানীতে শ্রম পরিদপ্তরে শ্রম পরিচালক, লাইটার জাহাজ মালিকদের প্রতিনিধি ও শ্রমিকনেতাদের মধ্যে বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বৈঠক শেষে বেলা তিনটার দিকে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের নেতারা। বৈঠক শেষে সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, মালিকপক্ষের প্রতিনিধিরা গেজেট অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন। মালিক সংগঠনগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তিও হয়েছে। তাঁদের আশ্বাস পাওয়ার পরই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
পূর্বঘোষণা ছাড়াই গত শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করে চট্টগ্রামকেন্দ্রিক লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ।
সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে পরিচিত শ্রমিকনেতা সাহাদাত হোসেন কর্মবিরতি ডাকা সংগঠনের নেতা। সারা দেশের লাইটার শ্রমিকদের মধ্যে এই সংগঠনের তেমন প্রভাব নেই। এ কারণে সারা দেশে কর্মবিরতির প্রভাবও পড়েনি। শুধু কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে গিয়ে শ্রমিকনেতারা পণ্য খালাসের কাজ বন্ধ করে কর্মবিরতি শুরুর ঘোষণা দেন।
গতকাল বেলা তিনটার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা এলেও কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতে বিকেল চারটা থেকে আংশিক কাজ শুরু হয়। লাইটার জাহাজ থেকে ঘাটে পণ্য খালাস করে ট্রাকে বোঝাই করার জন্য ঘাটশ্রমিকেরা প্রস্তুত না থাকায় সব ঘাটে পুরোদমে কাজ শুরু হয়নি।
যোগাযোগ করা হলে দুটি ঘাটের ইজারাদার মো. রতন সিকদার প্রথম আলোকে বলেন, ঘাটশ্রমিক না থাকায় দুটি ঘাটের মধ্যে কেবল একটিতে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা সম্ভব হয়েছে। বুধবার (আজ) থেকে পুরোদমে কাজ শুরু হতে পারে।
চার দিনের কর্মবিরতির কারণে এই ১৬টি ঘাটে ৬০টি লাইটার জাহাজে ৭০ হাজার টন পণ্য আটকা পড়ে। কর্মবিরতি প্রত্যাহার হলেও এসব ঘাটে খালাসের জন্য অপেক্ষারত জাহাজের জট কমতে সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য নিয়ে আসা বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করার পর সেগুলো খালাস করা হয়। বন্দর সূত্র জানায়, কর্মবিরতির ঘোষণার কারণে বন্দরের বহির্নোঙরে পণ্য স্থানান্তরে খুব বেশি ব্যাঘাত ঘটেনি।