লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামের মিরসরাইয়ের মধ্যম ওয়াহেদপুরে দুর্ঘটনার শিকার একটি ট্রেনের বগি উদ্ধারে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় রেলের দুই শ্রমিক নিহত হয়েছেন। এর আগে ওই স্থানে সিলেটগামী জালালাবাদ ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
নিহত ব্যক্তিরা হলেন, রেললাইনের মিস্ত্রি মো. হারুনুর রশিদ (৫৮) ও শ্রমিক দিদারুল আলম (৫০)। শনিবার রাত দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
মিরসরাইয়ের বড়তাকিয়া রেলস্টেশনের মাস্টার আবদুল বাতেন জানান, চট্টগ্রাম থেকে গত শনিবার সন্ধ্যা সাতটায় জালালাবাদ ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে আটটার দিকে ওয়াহেদপুরে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়। এরপর লাইনের কাজ শেষ করতে ভোর প্রায় চারটা বেজে যায়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, শনিবার রাতে লাইনচ্যুত বগি সরানোর কাজ করার সময় ফেনীগামী ট্রেনের ধাক্কায় একজন মিস্ত্রি ও একজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিস্ত্রির বাড়ি ফেনীতে ও শ্রমিকের বাড়ি মিরসরাই উপজেলার পোলমোগরা গ্রামে। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের জিআরপি থানায় একটি মামলা হয়েছে। ঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে।