লাইনম্যান ও মিটার রিডারের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিভাগের লাইনম্যান ও মিটার রিডারের অপসারণের দাবি এবং কম ভোল্টেজ ও বিদ্যুৎ-বিভ্রাটের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বরাট বাজারে গতকাল বুধবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান আবদুল মজিদ ও মিটার রিডার শাহাবুদ্দিন হারুর দুর্নীতির বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ করা হয়।
কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বলেন, আবদুল মজিদ লাইনম্যান হলেও তিনি শাহাবুদ্দিন হারুর মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ চালু, বন্ধ ও বিল তৈরির কাজ করে থাকেন। এলাকার কেউ নতুন সংযোগ নিতে গেলে তাঁর শরণাপন্ন হতে হয়। মজিদ ওই ব্যক্তির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করাসহ ইচ্ছামতো সংযোগ বিচ্ছিন্ন করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও তাঁরা কর্ণপাত করেন না।
ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘লাইনম্যান মজিদ অবৈধভাবে টাকার বিনিময়ে ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়ার কয়েকটি স্থানসহ নিয়মবহির্ভূত সংযোগ প্রদান করায় গ্রাহকেরা বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দ্রুত লাইনম্যান মজিদ ও শাহাবুদ্দিন হারুর অপসারণ চাই।’ কর্মসূচি চলাকালে আরও বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বরাট বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী রফিকুল ইসলাম, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মীর জিকরুল, ব্যবসায়ী শেখ জাহিদুন্নবী প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে শাহাবুদ্দিন হারু বলেন, ‘আমি মিটার রিডার, এখন মিটিংয়ে ব্যস্ত আছি। প্রয়োজনে আমার অফিসের স্যাররা আছেন, তাঁদের জিজ্ঞাসা করেন।’
লাইনম্যান আবদুল মজিদ বলেন, টাকাপয়সা নেওয়া ও দুর্নীতির অভিযোগ ঠিক নয়।
রাজবাড়ী বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী ও পাচুরিয়া ফিডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, কম ভোল্টেজ ও লোডশেডিংয়ে কারও হাত নেই। পাচুরিয়া ফিডারে ১৭টি ট্রান্সফরমার আছে। মঙ্গলবার ঝড়ে তারের ওপর গাছ পড়ে বরাট বাজারের ২০০ কিলোভোল্ট ট্রান্সফরমারে সমস্যা দেখা দেয়। নতুন সংযোগের ক্ষেত্রে গ্রাহককে সরাসরি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁরা যদি কারও সঙ্গে যোগাযোগ করে টাকা দেন, কী করার আছে?