লাইনম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইনম্যান ফিরোজ কবিরের বিরুদ্ধে সংযোগ দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ২৩ সেপ্টেম্বর রংপুর বিদ্যুৎ বিরতণ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযোগে উল্লেখ করা হয়, পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ি গ্রামে ২০১০ সালের জানুয়ারিতে নতুন লাইন নির্মাণ ও সংযোগের প্রতিশ্রুতি দিয়ে ১৬ ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা নেন ফিরোজ কবির। প্রায় দুই বছরেও তিনি সংযোগ দিতে পারেননি। একপর্যায়ে চাপের মুখে তিনি ১০ জনের সংযোগ ফরম তৈরি করেন। ১০ জনের জামানতের টাকা ২০১১ সালের ২ নভেম্বর ব্যাংকে জমা দেন। জামানত প্রদানের পরও ফিরোজ লাইন নির্মাণ করে দিতে পারেননি। ফলে তাঁরা কাগজ-কলমে গ্রাহক হয়ে কয়েক মাস বিল পরিশোধ করেন। পরে বাধ্য হয়ে তাঁরা নিজেরা টাকা দিয়ে খুঁটি তৈরি করে সংযোগ নেন।কুমারগাড়ি গ্রামের স্কুলশিক্ষক শাফিয়ার রহমান বলেন, ‘দেড় লাখ টাকা নেওয়ার পরও ফিরোজ কবির তাঁর সহকর্মী অপর একজন লাইনম্যানের সহায়তায় আরও টাকা নেন। এ নিয়ে প্রধান প্রকৌশলীকে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না। এ প্রসঙ্গে ফিরোজ কবির বলেন, ‘আমি সংযোগ দেওয়ার কথা বলে কারও কাছ থেকে টাকা নিইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার চালানো হচ্ছে।’গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল হক বলেন, ‘আমি সদ্য যোগ দিয়েছি। ফিরোজ কবিরের বিরুদ্ধে সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’