আবার ঈদ আসছে। আবার চলছে ঘরমুখো মানুষের ভোগান্তির পালা। গতকাল বুধবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে দুই ঘণ্টার মধ্যে আগামী ৮ সেপ্টেম্বর রাতের টিকিট শেষ বলে জানিয়ে দেন উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বাসের লোকজন। এ ছাড়া দূরত্ব ও বাসের মান ভেদে ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে অতিরিক্ত প্রায় ১০০টি বগি সংযোজন করা হবে। গতকাল সকাল ছয়টায় ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় বাস কাউন্টারগুলোতে। টিকিট-প্রার্থীরা জানান, বিক্রি শুরুর ঘণ্টা দুয়েক পরেই কাউন্টারের কর্মীরা বলতে থাকেন, ‘নাই ভাই, ৮ তারিখ রাতের টিকিট নাই।’টিকিট কিনতে আসা বেশ কয়েকজন অভিযোগ করেন, বাস কর্তৃপক্ষ টিকিট আটকে রেখে সংকট সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ঈদের ছুটির আগে ৮ সেপ্টেম্বরই শেষ অফিস।রংপুরগামী মমিনুল প্রধান জানালেন, তিনি সকাল সাতটায় কাউন্টারে এসেও কোনো পরিবহনেরই ৮ সেপ্টেম্বর রাতের টিকিট পাননি। শেষে তিনি ৯ সেপ্টেম্বর সকালের টিকিট কেটেছেন। সকাল সাড়ে আটটার দিকে কলেজগেটে হানিফ, কল্যাণপুরের শ্যামলী, এসআর, টিআর, আসাদগেট ও গাবতলীতে নাবিল পরিবহনের কাউন্টারের সামনে বৃষ্টি উপেক্ষা করে টিকিট-প্রার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। শ্যামলী পরিবহনের হিসাবরক্ষক বিকাশ দাবি করেন, ঈদে সরকার কর্তৃক নির্ধারিত কিলোমিটারপ্রতি ৯০ পয়সা হারেই ভাড়া নেওয়া হচ্ছে। আর অন্য সময়ে ভাড়া নেওয়া হয় কিলোমিটারপ্রতি ৭৫ থেকে ৮০ পয়সা হারে, যা সরকারি হারের চেয়ে কম। তিনি জানান, এই ঈদে বগুড়ার ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা, অন্য সময় যা ২২০ টাকা। এভাবে পঞ্চগড়ের ৪৫০ টাকার ভাড়া এখন ৫৭০ টাকা এবং দিনাজপুরের ৩৫০ টাকার ভাড়া ৪৫০ টাকা।একই কথা বলেন হানিফ এন্টারপ্রাইজের কর্মী উমেশ। তিনি জানান, তাঁরা ৫ সেপ্টেম্বর থেকে অগ্রিম টিকিটে বাড়তি ভাড়া নিচ্ছেন। এর আগ পর্যন্ত চলতি ভাড়াই নিচ্ছেন। উমেশ জানান, ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া অন্য সময়ে ৪৫০ টাকা নেওয়া হলেও ঈদের আগের দিনগুলোতে নেওয়া হচ্ছে ৫৭০ টাকা করে। রেলের এক শ বগি: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বেলায়েত হোসেন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ঈদের যাত্রী পরিবহনে রেলওয়ে আন্তনগর, মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলোতে অতিরিক্ত প্রায় ১০০টি বগি সংযোজন করবে। রেলওয়ের কর্মকর্তারা জানান, ৩১ আগস্ট ৫ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এভাবে ১ সেপ্টেম্বর বিক্রি হবে ৬ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ৭ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর ৮ সেপ্টেম্বরের ও সর্বশেষ ৪ সেপ্টেম্বর ৯ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।এবার আন্তনগর ট্রেনগুলোর আসনবিহীন টিকেট ইস্যু করবে রেলওয়ে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসে তা করা হবে না। টিকিট বিক্রির সময় স্টেশনে সিসিটিভিসহ বাড়তি নিরাপত্তা থাকবে। আসন দখল ঠেকাতে এবারও ট্রেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। অতিরিক্ত ট্রেন: ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ঈদের আগের তিন দিন ও ঈদের পরে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এক জোড়া, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুই জোড়া এবং পার্বতীপুর-ঢাকা রুটে ঈদের আগে চার দিন ও ঈদের পরে পাঁচ দিন পর্যন্ত এক জোড়া করে বিশেষ ট্রেন চালানো হবে।