সোমবার সকাল সাড়ে সাতটা। কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশা। রাজশাহী নগরের বর্ণালীর মোড়। অন্তত ২০০ মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কথা বলে জানা গেল তাঁদের বেশির ভাগই রোববার রাত থেকে এখানে অবস্থান করছেন। তাঁদেরই একজন ৬০ বছর বয়সী শাহিদুল ইসলাম।
শাহিদুল ইসলাম চিকিৎসার জন্য ভারত যাবেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা। ভিসা-প্রক্রিয়াকরণ ফি জমা দিতে রাজশাহী এসেছেন। অসুস্থ শরীরে ঠান্ডার মধ্যে সারা রাত বসে-দাঁড়িয়ে কোনোরকমে পার করেছেন। সকাল নয়টায় কাউন্টার খুলবে। তাঁর আশা আজই (গতকাল) টাকাটা জমা দিতে পারবেন।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রাজশাহী শাখায় ভারতে যাওয়ার ভিসা-প্রক্রিয়াকরণ করা এবং ফি জমা নেওয়া হয়। বর্ণালী মোড়ে ব্যাংকের শাখার সামনে ভিসা ফি জমা দিতে কয়েক শ মানুষ বিকেল থেকে ভিড় জমান। অথচ তাঁরা ফি জমা দেবেন পরদিন সকালে।
ভিসা ফি জমা দিতে মানুষের দুর্ভোগের বিষয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার রাজশাহী শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম জানান, ভিসার কাগজপত্র যাচাই-বাছাই করতে সময় লাগে। সব কাগজ ঠিক থাকলে তারপর টাকা জমা নেওয়া হয়। কাগজপত্র যাচাই করতে হয় বলে মুঠোফোন বা অনলাইনে এই ফি নেওয়া সম্ভব নয়।
প্রত্যেক পাসপোর্টের বিপরীতে ৪০০ টাকা করে ফি নেওয়া হয়।
গত রোববার সন্ধ্যায় ভিসা ফি জমা দেওয়ার লাইনে ছিলেন ৫৭ জন। সোমবার সকাল সাতটার মধ্যেই লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। ভোর থেকে নারীরা ভিসা ফি জমা দিতে জড়ো হন। তবে তাঁদের জন্য পৃথক লাইন করা হয়েছে।
লাইনের প্রথম ব্যক্তি ছিলেন জহির উদ্দিন (৭০)। তিনি আগের দিন বিকেল চারটা থেকে এখানে দাঁড়িয়েছেন। তাঁর বাড়ি রাজশাহীর পবা উপজেলার আন্ধারকোটা এলাকায়। সকালে ভাতিজা শামসুল হককে লাইনের দায়িত্ব দিয়ে নাশতা করতে গেছেন।
জহির উদ্দিন বলেন, এখানে একটা গণশৌচাগার নেই। এক গ্লাস পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই। কনকনে ঠান্ডার মধ্যে সারা রাত খবরের কাগজ বিছিয়ে বসে ছিলেন।
লাইনের দ্বিতীয় ব্যক্তি আবদুল্লাহ (৫০)। বাড়ি মেহেরপুরে। স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যাবেন। তিনিও আগের দিন বিকেলে এসে লাইনে দাঁড়িয়েছেন। তিনি জানান, শীতের মধ্যে যে কষ্টে রাত কাটাতে হচ্ছে, তাতে স্ত্রীর সঙ্গে তাঁকেও চিকিৎসা নিতে হবে।
রংপুর থেকে এসেছেন নূরুল ইসলাম (৫০)। তিনিও স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে যাবেন। তিনি জানান, পাসপোর্টসহ টাকাপয়সা সঙ্গে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের এখানে রাত কাটাতে হয়েছে। তিনি জানান, রংপুর বিভাগ হয়েছে। সেখানে একটা ভিসা অফিস করলে মানুষের এই দুর্ভোগ হতো না।
নীলফামারী থেকে এসেছেন মধুমালা মোহন্ত (৫০)। তিনি ভোর পাঁচটায় এসে লাইনে দাঁড়িয়েছেন। ভোর পৌনে পাঁচটায় লাইনে দাঁড়িয়েছেন পাবনার মনিরা খাতুন (২৪)। রাতে এসে রাজশাহীর পুঠিয়ায় আত্মীয়ের বাড়িতে ছিলেন। তাঁর ছেলের চোখের রোগ সারাতে হায়দরাবাদে যাবেন।
দিনের কাজ দিনে শেষ করা যায় না কেন—এ বিষয়ে শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম জানান, ফি জমা দেওয়ার নির্ধারিত তারিখের শেষ দিনে যাঁরা আসেন, তাঁদের ফি সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জমা নেওয়া হয়। আর যাঁদের ফি জমা দেওয়ার মেয়াদ শেষ হতে আরও কয়েক দিন বাকি থাকে তাঁদের ক্ষেত্রে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জমা নেওয়া হয়। তিনি জানান, তাঁরা কাউন্টার বাড়িয়েছেন। প্রতিদিন কমপক্ষে ৫০০ ভিসা-প্রক্রিয়াকরণ করা হয়। এর বেশি এই সময়ের মধ্যে করা সম্ভব হচ্ছে না।