লাইনে দাঁড়িয়েও মিলছে না খোলাবাজারের চাল
ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বরগুনার বিভিন্ন এলাকায় দরিদ্র ব্যক্তিরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খোলাবাজারের চাল কিনতে পারছেন না। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় ন্যায্য মূল্যে চাল কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এ ছাড়া বিক্রয়কেন্দ্রগুলোতে তদারকি না থাকায় ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা পৌর এলাকায় ১০ জন এবং প্রত্যেক উপজেলা সদরে পাঁচজন করে মোট ৩৫ জন ডিলারের মাধ্যমে গত ৯ অক্টোবর থেকে দৈনিক ৩৫ টন চাল খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু চালের এই বরাদ্দ জেলার দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের চাহিদার তুলনায় খুব সামান্যই জোগান দিতে পারছে। প্রতিদিন সকাল নয়টা থেকে খোলাবাজারে চাল বিক্রি শুরু হলেও, অনেকে কাকডাকা ভোরে এসে লাইনে দাঁড়ান। তার পরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চাল না পেয়ে অনেকেরই ফিরে যেতে হয়।সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরগুনা জেলার সভাপতি রাজিয়া বেগম বলেন, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় বরগুনার মানুষের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দিয়েছে। তা ছাড়া জলবায়ুর বিরূপ প্রভাব ও ঘন ঘন বন্যা-জলোচ্ছ্বাসে জেলার প্রধান অর্থনৈতিক ক্ষেত্র কৃষিতে তিন বছর ধরে মারাত্মক বিপর্যয় চলছে। এসব কারণে জেলায় খোলাবাজারে চাল বিক্রির বরাদ্দের পরিমাণ বাড়ানো এবং তা আমন কাটার আগ পর্যন্ত অব্যাহত রাখা প্রয়োজন।পাথরঘাটা পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী বিজয় দাস বলেন, পান বিক্রি করে কোনোমতে সংসার চলে তাঁর। কিছু টাকা সাশ্রয় করতে লাইনে দাঁড়িয়ে খোলাবাজারে চাল আনতে গিয়ে প্রায়ই খালি হাতে ফিরতে হয় তাঁকে। এক থেকে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর শুনতে হয় মজুদ শেষ। একই কথা বলেন বিষখালী বাঁধের ঢালে বসবাসকারী বাদল মিয়া, ভ্যানচালক সোবাহান, মাছবিক্রেতা আনোয়ারসহ ওই এলাকার নিম্ন আয়ের বেশ কয়েকজন।খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা পৌর শহরে পাঁচজন ডিলারের মাধ্যমে প্রতিদিন পাঁচ টন চাল খোলাবাজারে বিক্রি করা হয়। কিন্তু তাতে চাহিদার এক-তৃতীয়াংশও মেটানো যায় না। পাথরঘাটার লঞ্চঘাট এলাকার ডিলার সোহাগ মিয়া বলেন, যে চাল বরাদ্দ, তা দেড় ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। এর পরও ৩০০ থেকে ৪০০ লোক লাইনে দাঁড়ানো থাকে।বরগুনা শহরের ডিলার সামাদুল হক বলেন, বর্তমানে চালের যে চাহিদা, তা তাঁরা পূরণ করতে পারছেন না। ডিকেপি রোড এলাকার গৃহবধূ শিউলি বেগম বলেন, ‘বাজারে চাউলের যে দাম, হ্যাতে মোগো পোলাপান লইয়্যা দুই বেলা ভাত খাওনের সাধ্য নাই। খোলাবাজারে দাম একটু কম অওনে দুগ্গা খাওন জোডে। কিন্তু ডিলাররা ঠিকমতো চাল দেতে পারে না। ক্যামনে দেবে, যত মানুষ লাইনে খাড়ায় হ্যারা চাউল পায় না অর্ধেকও।’জেলা খাদ্যনিয়ন্ত্রক রেজা মোহাম্মদ মোহসীন জানান, জেলায় ৩৫ জন ডিলারের মাধ্যমে খোলাবাজারে বিক্রির জন্য ৪৮৪ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। গত রোববার পর্যন্ত ৪৪৭ টন বিক্রি হয়ে গেছে। তিনি আরও বলেন, এই বরাদ্দ খুবই অপ্রতুল। এ ছাড়া ডিলারের সংখ্যাও বৃদ্ধি করা দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।