লাইনের ওপর দোকান ট্রেন চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের ওপর পুরাতন কাপড়ের দোকান বসানো হচ্ছে। এসব দোকানে ক্রেতারা ভিড় করছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক বছরে এখানে দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে। সৈয়দপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের দুই নম্বর রেল গেট এলাকায় রেল লাইনের ওপর দুই শতাধিক দোকান গড়ে উঠেছে। পুরাতন কাপড় কেনার জন্য এসব দোকানে ক্রেতারা আসায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় সৈয়দপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার দোকান উচ্ছেদের জন্য জিআরপি পুলিশকে অনুরোধ জানিয়েছে। সর্বশেষ গত ৫ ডিসেম্বর দোকান উচ্ছেদের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে ওই সব দোকান উচ্ছেদ করা হচ্ছে না। সৈয়দপুর জিআরপি থানা সূত্রে জানা গেছে, ওই এলাকায় ট্রেনে কাটা পড়ে গত এক বছরে ছয়জন প্রাণ হারিয়েছে।সৈয়দপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন বলেন, ‘চালকদের ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা ঠেকাতে দুই নম্বর রেলগেট এলাকায় বসানো দোকান উচ্ছেদের জন্য আমরা জিআরপি পুলিশকে চিঠি দিয়েছি।’ জানা গেছে, রেল লাইনের ওপর স্থানীয় আবেদ আলী, রমজান আলী ও সিরাজুল ইসলামসহ কয়েকজন দোকান বসিয়েছেন। তাঁরা জানান, জায়গাটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সেখানে অনেকে দোকান বসিয়েছেন। এ কারণে তাঁরাও সেখানে দোকান বসিয়েছেন। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সৈয়দপুর স্টেশনের স্টেশন মাস্টার আমাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। অবৈধ দোকান উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।