রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া খানমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল শনিবার রাত ১২টায় তাঁকে লাইফ সাপোর্টে রেখেছেন ডাক্তাররা।
অপেক্ষাকৃত ভালো চিকিৎসার জন্য গত মঙ্গলবার সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সিটি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল অফিসার মুহাম্মদ সাঈদ ইমরান রাত সাড়ে ১২টায় প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ২টা থেকেই সুমাইয়ার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। বিকেল ৪টায় তাঁর ড্রেসিং করা হয়। এরপর থেকে অবস্থা আরও খারাপ হতে থাকে। রাত ১২টায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সুমাইয়া (৯০ শতাংশ দগ্ধ) ও তাঁর পরিবারের সবাই। ফ্ল্যাটটিতে কয়েক দিন আগে স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে উঠেছিলেন ঢাকার মার্কিন দূতাবাসের প্রকৌশলী মো. শাহনাওয়াজ (৫০)। আগুনে দগ্ধ হয়ে তাঁর ছোট ছেলে জায়ান বিন নাওয়াজ এবং বড় ছেলে শালীন বিন নাওয়াজ শুক্রবারই মারা যায়। এক দিন পর শনিবার বিকেলে মারা যান শাহনাওয়াজ। মেজো ছেলে জারিফ বিন নাওয়াজ (৬ শতাংশ দগ্ধ) সিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।