লাইফ স্কুলের ৪ শিক্ষকসহ ১০ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণে জড়িত থাকার অভিযোগে র্যা বের গ্রেপ্তার করা ১০ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রাজধানী উত্তরার ইংরেজি মাধ্যমের লাইফ স্কুলের সাবেক ও বর্তমান চার শিক্ষকসহ নয়জনকে চার দিন এবং এক নারীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় এই ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার বিচারিক হাকিম ফাইরুজ তাসনিম আদেশ দেন। আসামিরা হলেন আবু সাদাত মো. সুলতান আল রাজী, আল মিজানুর রশিদ, জিয়াউর রহমান, কৌশিক আদনান সোবহান, মিজানুর রহমান ওরফে টিপু, মেরাজ আলী, মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ, শাহারিয়ার ওয়াজ খান, শরিফুল ইসলাম ও জান্নাতুল মহল ওরফে জান্নাত।
রিমান্ড আবেদনে বলা হয়, রাজধানী ঢাকার উত্তরা, বিমানবন্দর ও কলাবাগান এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা উত্তরা লাইফ স্কুলের অন্তরালে দেশব্যাপী ছড়িয়ে থাকা জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের জঙ্গি সদস্যদের হালাকার (পাঠচক্র) মাধ্যমে উদ্বুদ্ধ ও সংগঠিত করে আসছিলেন।