লাইফসাপোর্টে অভিনেতা মহিউদ্দিন বাহার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী মহিউদ্দিন বাহার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।
মহিউদ্দিন বাহারের মেয়েজামাই আবুল কাসেম প্রথম আলো ডটকমকে জানান, ১৩ অক্টোবর প্রথমে ঠান্ডার সমস্যার কারণে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৭ অক্টোবর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে স্থানান্তর করা হয় তাঁকে। সেখানে তাঁকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।
আবুল কাসেম বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যার পাশাপাশি তাঁর ফুসফুসে পানি জমেছে। বারডেম হাসপাতালের চিকিৎসক ওমর ফারুকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। সবাই দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন।’
আবুল কাসেম এ-ও জানান, ২০০৮ সালে একবার মহিউদ্দিন বাহারের ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।