লাইবেরিয়ায় যাচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম
ইবোলা আক্রান্ত দেশ লাইবেরিয়ায় দায়িত্বরত বাংলাদেশের সেনা কর্মকর্তাদের দেখভাল করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আগামী ২৭ নভেম্বর এই দলটির যাত্রা করার কথা রয়েছে।
গতকাল শনিবার সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেস বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঘোষণা করেছে, সেনেগাল ইবোলা সংক্রমণমুক্ত। দেশটিতে গত ২৯ আগস্ট প্রথম ইবোলায় আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়। ডব্লিউএইচও ইবোলা সংক্রমণ সফলভাবে মোকাবিলায় প্রশংসা করেছে দেশটির সরকারকে।
মেজর জেনারেল আবুল কালাম আজাদ বলেন, তাঁরা আশা করছেন, দ্রুতই পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশেও ইবোলা নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এরই মধ্যে তাঁরা লাইবেরিয়ায় ইবোলা সংক্রমণ প্রতিরোধে ১৮০টি পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পাঠিয়েছেন। ২৭ নভেম্বর পাঁচ সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি দল লাইবেরিয়ায় যাচ্ছে। দলটি জাতিসংঘের শান্তিবাহিনীতে কর্মরত বাংলাদেশি সেনাসদস্যদের কোনো অসুবিধা হচ্ছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেবে। এ ছাড়া আক্রান্ত দেশগুলোয় এরই মধ্যে এক কোটি টাকার ওষুধ পাঠানো হয়েছে ।