জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জেলা পরিষদ। পরিষদের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে সেখানে কার্যক্রম পরিচালনা করলেও লাইব্রেরির নামে জমি ইজারা নেওয়া হয়নি। কয়েক মাস আগে এক ব্যক্তি ওই জমি ইজারা নিয়েছেন।
জেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১৯৪৭ সালে স্থানীয় বিদ্যোৎসাহী লোকজন লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। শুরুতে প্রায় তিন কাঠা জমির ওপর টিনশেডের আধা পাকা দুই কক্ষ নির্মাণ করা হয়েছিল। একটি কক্ষে বই ছিল এবং আরেকটিতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা (ইনডোর গেম) হতো। পরবর্তী সময়ে একটি কক্ষে ছাদ দিয়ে বইপত্র রাখা হয়। দুই বছর আগে টিনশেডের ঘরটি ভেঙে নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু করে লাইব্রেরি কর্তৃপক্ষ। গত ২২ জানুয়ারি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক লাইব্রেরি কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। লাইব্রেরির দখলে থাকা ওই জমির কিছু অংশ গত বছর ৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খানকে ইজারা দেওয়া হয়েছে। প্রতি বর্গফুট ৮ টাকা দরে তাঁকে ৯৫০ বর্গফুট জমি দেওয়া হয়েছে।
তৎকালীন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী বলেন, ‘জিল্লুর রহমান একটি প্রেসক্লাবের সঙ্গে জড়িত। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জমি ইজারা দেওয়া হয়েছিল। ওই জমি লাইব্রেরির দখলে থাকায় জিল্লুর রহমান আর সেখানে যাননি। আমার জানা মতে, তিনি ওই জমি নেবেন না। জমি লাইব্রেরিরই থাকবে।’
তবে জিল্লুর রহমান গত মঙ্গলবার মুঠোফোনে বলেন, ইজারা দিলেও জেলা পরিষদ এখনো জমি বুঝিয়ে দেয়নি। তিনি সেখানে পত্রিকার অফিস করবেন। দখল বুঝে নেওয়ার জন্য তিনি আবেদন করেছেন।
জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী বলেন, এটি এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকে ওই জমিতে লাইব্রেরির কার্যক্রম চলছে। জমির মালিকানা নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ কখনো চিন্তা করেনি। ইজারার বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। হঠাৎ করে গোপনে এক ব্যক্তির নামে ওই জমি ইজারা দেওয়া হয়েছে। ইজারা বাতিল করে লাইব্রেরিকে জমি দেওয়ার দাবি জানান তিনি।
জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, কীভাবে ওই জায়গা ইজারা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে। লাইব্রেরিটি জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিধান মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।