লাইব্রেরিতে কারও নজর নেই
বিল বকেয়া থাকায় পানির লাইন কেটে দেওয়া হয়েছে দুই মাস আগে। পত্রিকা রাখা হয় ১১টির জায়গায় তিনটি। প্রয়োজনীয় জনবলও নেই। এ রকম করুণ অবস্থা মানিকগঞ্জের পাবলিক লাইব্রেরির।
জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত নানা সমস্যায় জর্জরিত এই লাইব্রেরির জরাজীর্ণ ভবনের প্রবেশপথের অবস্থায়ও অত্যন্ত নাজুক। লাইব্রেরির সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। দুই বছরের জন্য নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব লাইব্রেরিটির দেখাশোনা করা। তবে ১০ বছরেরও বেশি সময় নির্বাচন না হওয়ায় ৫৩ বছরের পুরোনো এই লাইব্রেরিটি রক্ষায় কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে লাইব্রেরির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য প্রভাষক সাইফুদ্দিন আহমেদ বলেন, আর্থিক কোনো সুবিধালাভের সুযোগ না থাকায় প্রতিষ্ঠানটির দিকে কারও নজর নেই। অথচ এক যুগ আগেও এটি ছিল জেলার সাহিত্য ও জ্ঞানচর্চার কেন্দ্রস্থল। এই অবহেলা দুঃখজনক ও লজ্জাকর।
লাইব্রেরির কার্যালয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৬১ সালে কালেকটরেট ভবনের দক্ষিণ পাশে দ্বিতল একটি ভবনের ওপর তলায় পাবলিক লাইব্রেরি গড়ে তোলা হয়। এর পর থেকে সাহিত্য ও জ্ঞানচর্চা থেকে শুরু করে আড্ডারও মাধ্যম ছিল লাইব্রেরিটি। বর্তমানে উপন্যাস, গল্প ও ছোট গল্প, প্রবন্ধ, কবিতাসহ বিভিন্ন ধরনের প্রায় ১০ হাজার বই রয়েছে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত লাইব্রেরিটি খোলা থাকে।
গত ১৪ ডিসেম্বর বিকেল তিনটায় লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, চারটা পর্যন্ত কোনো পাঠক আসেনি। লাইব্রেরির সহকারী গ্রন্থাগারিক শাহ আলম ও পিয়ন ইসলাম উদ্দিন জানান, নানা সমস্যার কথা। আগে ১১টি জাতীয় দৈনিক রাখা হতো। তিন বছর ধরে প্রায় ৮৪ হাজার টাকা পত্রিকার বিল বকেয়া থাকায় মাত্র তিনটি পত্রিকা রাখা হয়। বিল বকেয়া থাকায় দুই মাস ধরে পানির লাইন কেটে দেওয়া হয়েছে। পানি না থাকায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় পাঠকদের। এ কারণে দিন দিন পাঠকসংখ্যা কমে যাচ্ছে।
প্রতিবছর জাতীয় গ্রন্থাগার থেকে বই ও অনুদানের অর্থ দেওয়ার কথা থাকলেও প্রায় নয় বছরে এগুলো পাওয়া যায়নি। লাইব্রেরি ভবনের নিচতলা ভাড়ার টাকায় অনিয়মিতভাবে কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ চালানো হচ্ছে। সর্বশেষ ২০০৪ সালে লাইব্রেরির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মুহাম্মদ তৌহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সহকারী গ্রন্থাগারিক শাহ আলম বলেন, বছর তিনেক আগেও গড়ে প্রতিদিন ৪০-৫০ জন পাঠক বই পড়তে এলেও এখন তা কমে ১০-১২ জনে পৌঁছেছে। যাতায়াতের প্রবেশপথ ভালো না হওয়ায় পাঠক আসতে অনাগ্রহী।
প্রতিষ্ঠানটির জনবল সংকটও রয়েছে। ছয়টি পদের বিপরীতে আছেন কেবল সহকারী গ্রন্থাগারিক, পিয়ন ও ঝাড়ুদার। অফিস সহকারী, গ্রন্থাগারিক ও নৈশপ্রহরীর পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। পিয়ন ইসলাম উদ্দিন বলেন, সহস্রাধিক বই ছিঁড়ে গেছে। অথচ বইগুলো বাঁধানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এসব সমস্যা নিয়ে সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, অনুদানের ব্যাপারে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। তবে এ ব্যাপারে ২০০৫ সালের পর থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, সম্প্রতি পাবলিক লাইব্রেটির কার্যকরী পরিষদের আহ্বায়ক কমিটি করা হয়েছে। লাইব্রেরির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সব ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা চান তিনি।