লাইলি-কাজলের সংসারে নতুন অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজল ঘরের বাইরে আরেকটি প্রকোষ্ঠে রোদের মধ্যে নিশ্চিন্ত মনে লেজ নাড়ছিল। আর ঘরের ভেতর লাইলি সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে রেখেছে নজরের মধ্যে। বাইরের লোকজন উঁকিঝুঁকি দিলেই রাগান্বিতভাবে তাকাচ্ছিল লাইলি। একটু দূরে লাইলির প্রথম বাচ্চা বিগলা, হঠাৎ করেই যেন তার আদরটা কমে গেল। চিত্রটি চট্টগ্রাম চিড়িয়াখানার। চিড়িয়াখানার সাম্বার হরিণ কাজল-লাইলির পরিবারে গতকাল বুধবার এসেছে নতুন অতিথি। দেখে মনে হলো, এ নিয়ে আনন্দের সীমা নেই এই পরিবারে। সে আনন্দ ছড়িয়ে পড়েছে চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও। চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাবকটি ভূমিষ্ঠ হয়। এরপর লাইলি মানুষ দেখলেই উত্তেজিত হয়ে যাচ্ছে। বাচ্চার সুরক্ষা তার কাছে এখন সবচেয়ে বড় বিষয়। তার কাছে যাওয়া যাচ্ছে না বলে শাবকটির লিঙ্গ শনাক্ত করা যায়নি।’ সদ্য ভূমিষ্ঠ শাবকের গায়ের রং হালকা বাদামি। লম্বায় দেড় থেকে দুই ফুট। সারাক্ষণ মায়ের গা ঘেঁষে বসেছিল নতুন শাবকটি। মা ঘন ঘন চাটছিল শাবকটিকে। প্রাণীবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশের হরিণ প্রজাতির মধ্যে সাম্বার এখন বিলুপ্তপ্রায়। একসময় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে এ জাতের হরিণ প্রচুর দেখা যেত। এখন তা আর চোখে পড়ে না। চট্টগ্রাম চিড়িয়াখানায় এ সাম্বার হরিণ পরিবারের সদস্যসংখ্যা দাঁড়াল চার-এ। এর আগে গত বছরের ১৫ জুন লাইলি আরেকটি বাচ্চা প্রসব করে। এই পুরুষ শাবকটির নাম দেওয়া হয় বিগলা। বিগলা এখন নিজেই নিজের দায়িত্ব নিতে পারে। তবে শিং গজায়নি এখনো। মায়ের সঙ্গে বেষ্টনীতে থেকে বিগলা এখন দর্শনার্থীদের আনন্দ দেয়। নতুন অতিথি আসার বেশ কিছুদিন আগে থেকে আলাদা বেষ্টনীতে রাখা হয় লাইলির সঙ্গী কাজলকে। মনজুর মোরশেদ জানান, ‘সাম্বার পুরুষ হরিণটির এখন শিং ঝরে পড়ার সময় ঘনিয়ে এসেছে। এ সময় সে মাতালের মতো আচরণ করে। শিং দিয়ে আঘাত করতে চায় সবকিছুকে। তাই বাচ্চা ও লাইলি এখন তার কাছে নিরাপদ নয়।’ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, লাইলি ও কাজলও এখানে জন্মেছিল। তবে তাদের বাবা-মা এখন আর বেঁচে নেই। প্রাণীবিদেরা জানান, সাম্বার হরিণ উচ্চতায় সাড়ে তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়। গড় ওজন ১০০ থেকে ৩৫০ কেজি। চিড়িয়াখানায় বাঁচে সর্বোচ্চ ২৮ বছর।