লাইলী জেলে লাজু মুক্ত
সেই ভারতীয় তরুণী লাইলীর (১৭) প্রেমিক লাজু ইসলাম (২৫) লালমনিরহাট জেলা কারাগার থেকে গত মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। তবে লাইলী এখন লালমনিরহাট কারাগারে বন্দী রয়েছেন। ১৮ ডিসেম্বর পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট থেকে লাইলী ও লাজু ইসলামকে আটক করা হয়। পরদিন পাটগ্রাম থানার পুলিশ লাইলীকে অনুপ্রবেশের অভিযোগে ও লাজুকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালত তাঁদের জেলা কারাগারে পাঠান।এদিকে ভারতীয় তরুণী অপহরণের কথিত অভিযোগে ভারতে আটকে রাখা ছয় বাংলাদেশির মধ্যে রাসেল (২০) গত বৃহস্পতিবার পালিয়ে এসেছেন। ভারতের পুলিশ অপর পাঁচ বাংলাদেশিকে শুক্রবার আদালতের মাধ্যমে মেখলিগঞ্জ কারাগারে পাঠিয়েছেন। জানা গেছে, প্রেমের টানে ভারতের মেখলিগঞ্জ মহকুমার ১৬৫ উচ্ছুল পুকুরি এলাকার লাইলী ৪ ডিসেম্বর ঝালাঙ্গী সীমান্ত দিয়ে পাটগ্রামের ঝালাঙ্গী এলাকার লাজু ইসলামের কাছে ছুটে আসেন এবং তাঁরা বিয়ে করেন। পরে লাইলীর বাবা বাবর আলী মেয়েকে অপহরণের অভিযোগে ১৬ ডিসেম্বর ছয় বাংলাদেশিকে ধরে ভারতে নিয়ে যান। বর্তমানে তাঁরা সে দেশের বিচার বিভাগীয় হেফাজতে আছেন। ২২ ডিসেম্বর ‘প্রেম-বিয়ে নিয়ে সীমান্তে জটিলতা’ শীর্ষক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।