বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি (পাবলিক সুইস টেলিফোন নেটওয়ার্ক-পিএসটিএন) র্যাংগসটেল লিমিটেডের লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অবৈধ ভিওআইপির অভিযোগে ১০ মে এক সিদ্ধান্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) র্যাংগসটেলসহ পাঁচটি পিএসটিএন কোম্পানির লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিল করে। র্যাংগসটেলের গ্রাহক হিসেবে অসুবিধা ও ভোগান্তির শিকার গ্রাহক আসগর আলী গত ৬ জুন হাইকোর্টে একটি রিট করেন। এ রিটের ওপর শুনানি শেষে আদালত রুল জারিসহ আদেশ দেন। রুলে ফোন কোম্পানিটির লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিলে বিটিআরসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ সচিব, জ্যেষ্ঠ সহকারী সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার শুনানি করেন। মুনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, বিটিআরসি ১০ মে এক সিদ্ধান্তে পাঁচটি ফোন কোম্পানির লাইসেন্স ও তরঙ্গ বরাদ্দ বাতিল করে।