লাইসেন্স করা পিস্তল দিয়ে চাঁদাবাজি, তিন সন্ত্রাসী গ্রেপ্তার
লাইসেন্স করা পিস্তল দিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পল্লবী থেকে গত বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসী দেলোয়ার হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। পল্লবী থানা সূত্র জানায়, দেলোয়ার তার দুই সহযোগীকে নিয়ে পল্লবীর আবাসিক এলাকার কামরুজ্জামানের কাছে চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা ওই বাসায় আসা অতিথিদের কাছ থেকে টাকা কেড়ে নেয়। এ সময় ওই বাসা থেকে থানায় এ ঘটনা জানানো হয়। পল্লবী থানার পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে সন্ত্রাসী দেলোয়ার (৩৫) ও তার দুই সহযোগী মওদুদ আহমেদ (৩০) মোখলেছুর রহমানকে (৩০) গ্রেপ্তার করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজির মামলা করেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।