তথ্যপ্রযুক্তির অপব্যবহারে শাস্তি ১৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
MLM
MLM

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে সর্বোচ্চ শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০৬ সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল। এ ছাড়াও বৈঠকে এমএলএম কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) সম্পর্কে সাংবাদিকদের জানান, আগের আইনে শাস্তি অপর্যাপ্ত ও অস্পষ্ট ছিল। এজন্য সংশোধিত আইনে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এ ছাড়া নতুন আইনে কয়েকটি অপরাধ জামিন-অযোগ্য করা হয়েছে বলেও জানান তিনি। আগের আইনে কিছু অপরাধ ‘নন-কগনিজেবল’ ছিল উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে এ ধরনের সব অপরাধই হবে কগনিজেবল অর্থাত্ পরোয়ানা ছাড়াই পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারবে। আগের আইনে সব অপরাধ জামিনযোগ্য ছিল বলে জানান তিনি। তিনি বলেন, এত দিন এ আইনে মামলা করতে হলে পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু নতুন এই আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে।

লাইসেন্স ছাড়া ব্যবসা করলে ১০ বছরের সাজা

লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সর্বোচ্চ ১০ বছরের সাজা ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রেখে এমএলএম কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। আইনটি অধ্যাদেশ আকারে প্রকাশ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, আইনটি পাস হলে বর্তমানে যেসব কোম্পানি আছে, সেগুলোকে ৯০ দিনের মধ্যে লাইসেন্স নিতে হবে। এ ছাড়া এ আইনের ফলে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে যাবে। আর বহুধাপ বিপণন ব্যবস্থার (এমএলএম) ব্যবসা করতে চাইলে লাইসেন্স নিতে ও কোম্পানি করতে হবে। লাইসেন্স হস্তান্তরযোগ্য হবে না বলেও তিনি জানান।

আইনটির বিভিন্ন দিক তুলে ধরে সচিব আরও বলেন, ক্রেতার অনুমতি না নিয়ে জোর করে কোনো পণ্য বিক্রি করা যাবে না। আইনের বাইরে কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না। আর বিধিবহির্ভূতভাবে কাজ করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কেউ কোনো অপরাধ দুবার করলে ব্যক্তি, প্রতিষ্ঠান, মালিক বা পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

আইন লঙ্ঘন করে প্রতারিত করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এ ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধানও আইনটিতে রাখা হয়েছে। প্রতারণা করলে সরকার কোম্পানির কার্যক্রম স্থগিত করে কোম্পানিটিতে এক বা একাধিক প্রশাসক নিয়োগ করতে পারবে।

এ ছাড়া বৈঠকে ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।