লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানিতে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন
কেউ লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন বা মজুদ করলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। একই সঙ্গে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই বিধান রেখে ‘ফরমালিন নিয়ন্ত্রণ বিল-২০১৫ ’ আজ বুধবার সংসদে উত্থাপিত হয়েছে।
বিলটি সংসদে উত্থাপন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
খসড়া আইনে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার করা যাবে না। লাইসেন্স পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান চাওয়া মাত্র কর্তৃপক্ষকে ফরমালিনের হিসাব দেখাতে হবে। লাইসেন্সের শর্ত ভাঙলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। শর্ত ভাঙার অপরাধগুলো ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ ’ এর অধীন গঠিত স্পেশাল ট্রাইব্যুনালে বিচার হবে।
বিলে ফরমালিন হিসেবে ফরমালিন, ফরমালডিহাইড, প্যারাফরমালডিহাইড বা এর যে কোনো মাত্রার সলিউশন বা দ্রবণ এবং সরকার কর্তৃক নির্ধারিত ফরমালিন উৎপন্নকারী অন্য কোনো পদার্থকে সংজ্ঞায়িত করা হয়েছে।