লাইসেন্স ছাড়া এসিড বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে এস এম ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে লাইসেন্স ছাড়া এসিডের মতো বিপজ্জনক দাহ্য পদার্থ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সামনের অংশে শোরুম ও পেছনে গোডাউন রয়েছে। ওই গোডাউনে ছয় হাজার ৯০০ লিটার সালফিউরিক এসিড, এক হাজার কেজি হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, অ্যামোনিয়া সালফেট, কস্টিং সোডার মজুদ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মালিক শাহানূর আলম মাখন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটি শুধু সালফিউরিক এসিড বিক্রির লাইসেন্স নিয়েছিল। ওই লাইসেন্সের মেয়াদ ২০০৯ সালের জুন মাসে শেষ হয়। কিন্তু ওই লাইসেন্স নবায়ন করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি বিপজ্জনক দাহ্য পদার্থ এসিড বিক্রি করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা প্রথম আলোকে জানান, এসিডনিয়ন্ত্রণ আইন-২০০২ অনুযায়ী ক্রেতা ও বিক্রেতা উভয়ের লাইসেন্স হালনাগাদ নবায়ন থাকা অত্যাবশ্যক। প্রতিষ্ঠানটির মালিককে লাইসেন্স ছাড়া এসিড বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগামী সাত দিনের মধ্যে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত তাঁকে সব ধরনের এসিড বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এসিড বিপজ্জনক দাহ্য পদার্থ হওয়ায় এবং পরিবহন ও সংরক্ষণে ঝুঁকি থাকায় ওই গুদামের এসিড প্রতিষ্ঠানের মালিকের জিম্মায়ই রাখা হয়েছে।