কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ-সম্পর্কিত ১৯৮৫ সালের আইনে অনুমোদন ছাড়া নলকূপ বসালে সর্বোচ্চ শাস্তি ছিল দুই হাজার টাকা জরিমানা। নতুন আইনে লাইসেন্স ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমোদন ছাড়া নলকূপ স্থাপন করলে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিন কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইনটি ১৯৮৫ সালের এ-সম্পর্কিত অধ্যাদেশের বাংলা রূপান্তর। ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার আগের আইনে বলা ছিল, উপজেলা চেয়ারম্যানের লিখিত অভিযোগ ছাড়া এ আইনের অপরাধ আমলে নেওয়া যাবে না। তবে নতুন আইনে সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ১৯৮৫ সালের আইনের শিরোনামে ‘কৃষিকাজ’ শব্দটি উল্লেখ ছিল না।
বৈঠকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশের মিউচুয়াল ইভাল্যুয়েশনের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের প্রক্রিয়া মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, টেকনিক্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা উন্নত অনেক দেশের সমান। এ থেকে বলা যায়, বাংলাদেশে সেই অর্থে মানি লন্ডারিং নেই।
বৈঠকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আইন, ২০১৭ নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে যেকোনো অসদাচরণ বা অসাধুতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের কোনো সহযোগীর সদস্যপদ বাতিলের প্রস্তাব রয়েছে। এ ছাড়া বৈঠকে বাণিজ্য সংগঠন আইন, ২০১৭ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য সংগঠন আইনটি ছিল মূলত ১৯৬১ সালের অধ্যাদেশের বাংলা রূপান্তর। মন্ত্রিসভা বাণিজ্য মন্ত্রণালয়কে আইনটি যুগোপযোগী করে পেশ করতে বলেছে।
বৈঠকে দুটি আইএমও কনভেনশনের অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সমুদ্রপথে জাহাজ চলাচলের সময় জাহাজে পানি নিয়ে তা আবার বের করে দিতে হয়। বের করা ওই পানি পরিবেশের জন্য বিপজ্জনক। এ জন্য আইএমও একটি নীতিমালা করেছে। বিশ্বের ৫৩টি দেশ ওই নীতিমালা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশও তা মেনে চলবে। তিনি বলেন, সমুদ্রে যেসব জাহাজ চলাচল করে সেগুলোর তলদেশে ব্যবহার করা রং পরিবেশ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। এ জন্য আইএমও পরিবেশবান্ধব রং ব্যবহার করা বাধ্যতামূলক করেছে। বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করা ৭৮তম দেশ।
সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় চার নেতার একজন এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে গতকাল মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।